অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার জন্য সরকারকে ২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। দাবি না মানলে পরদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় ঘণ্টা সাংবাদিক-কর্মচারীরা কলমবিরতি কর্মসূচি পালন করবেন। ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে অবস্থান কর্মসূচি।অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ঐক্য পরিষদের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে ওয়েজ বোর্ড ঘোষণা না করায় সমাবেশ থেকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করা হয়। সাংবাদিক নেতারা একশ্রেণীর মালিক-সম্পাদকের কঠোর সমালোচনা করে বলেন, তাঁরা নিত্যনতুন গাড়িতে চড়েন, বিলাসী জীবন যাপন করেন। কিন্তু সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত দেন না। ঐক্য পরিষদের নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তথ্যমন্ত্রী সাংবাদিকদের রাস্তায় নামতে বাধ্য করেছেন। সাংবাদিকেরা তাঁকে আর তাঁদের মন্ত্রী হিসেবে দেখতে চান না।রুহুল আমিন গাজী বলেন, ‘তথ্যমন্ত্রী দায়িত্ব থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ওয়েজ বোর্ড নেব না। ২ এপ্রিলের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষিত না হলে তথ্যমন্ত্রীর জন্য জাতীয় প্রেসক্লাবের দরজা বন্ধ হয়ে যাবে।’শওকত মাহমুদ বলেন, সাংবাদিকদের এ আন্দোলনে রাজনীতি নেই, আন্দোলন নিয়ে কেউ বেইমানি করলে তাঁদের প্রেসক্লাব চত্বরেই চিহ্নিত করা হবে।আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে সাংবাদিকেরা আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন। তাঁদের ন্যায্য দাবির পক্ষে সব পেশাজীবী একত্র হবে।’সমাবেশে ঐক্য পরিষদের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন ওমর ফারুক, আবদুস শহীদ, শাবান মাহমুদ, বাকের হোসাইন, আলমগীর হোসেন খান, মতিউর রহমান তালুকদার, কামাল উদ্দিন, খায়রুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে বাসস, ইত্তেফাক, ডেইলি স্টার, নয়া দিগন্ত, সংগ্রামসহ ডিইউজের বিভিন্ন ইউনিট থেকে সাংবাদিক-কর্মচারীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনের রাস্তা প্রদক্ষিণ করে। কর্মসূচি চলার সময় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।