ওয়েজবোর্ড ১৫ অক্টোবরের মধ্যে ঘোষণা না করলে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ ১৫ অক্টোবরের মধ্যে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছে। ওই সময়ের মধ্যে দাবি না মানলে সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিক নেতারা এসব কথা জানান। তাঁরা বলেন, একাধিকবার প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও তথ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত নবম ওয়েজবোর্ড গঠন করেনি, যা সাংবাদিকসহ গণমাধ্যমের কর্মীদের প্রতি মন্ত্রণালয়ের চূড়ান্ত অবহেলা ও বিরূপ মনোভাব পোষণের বহিঃপ্রকাশ।
সভায় বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষের জন্য নতুন পে-স্কেল ঘোষণার পর দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির ফলে গণমাধ্যমকর্মীদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সাংবাদিক নেতারা বলেন, তথ্যমন্ত্রীর কাছে উপস্থাপিত বঙ্গবন্ধু প্রণীত নিউজপেপার এমপ্লয়িজ সার্ভিসেস কন্ডিশন অ্যাক্ট ১৯৭৪ (সংশোধিত) পুনর্বহালসহ সাংবাদিকদের কোনো দাবি পূরণ হয়নি।
গতকালের সভায় কয়েকটি টেলিভিশন ও সংবাদপত্রে গণছাঁটাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁদের পুনর্বহালের দাবি জানানো হয়। বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল সভায় সভাপতিত্ব করেন। এ সময় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী, সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি।