সিলেট থেকে প্রকাশিত বাংলাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য পত্রিকা আল-ইসলাহ-এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাহিত্য আসরকক্ষে এক অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। তিনি স্মৃতিচারণা করে বলেন, ‘মা নিয়মিত এ পত্রিকা পড়তেন। তাঁর পড়া আমরা শুনতাম। এখনো কানে ভাসে মায়ের পড়া। তাই এ পত্রিকার মধ্যে আমাদের শিকড়ের অনেক স্মৃতি লুকিয়ে আছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠপ্রিয় করার এ উদ্যোগ অবশ্যই সারা বিশ্বে ছড়িয়ে থাকা পাঠকদের আকৃষ্ট করবে।’ কেমুসাসের সভাপতি ভাষাসংগ্রামী মো. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি আ ন ম শফিকুল হক, আজিজ আহমদ সেলিম, আবদুল হামিদ মানিক ও সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সহসাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।