ওয়েবসাইটে তাঁরা এখনো মেয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আগের চার মেয়র পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু চারটি সিটি করপোরেশনের ওয়েবসাইটেই গতকাল রোববার বিকেল পর্যন্ত মেয়র হিসেবে তাঁদের নাম ও ছবি শোভা পাচ্ছে। মেয়রদের পাশাপাশি সাবেক কাউন্সিলরদের নামও ওয়েবসাইটে রয়েছে।সিলেট সিটি করপোরেশনের ওয়েবসাইট খুললে বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্বাগত বাণীসহ ছবি দেখা যায়। এই পাতাতেই একটি ফিতা কাটা অনুষ্ঠানের দলীয় ছবিও আছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিয়মিত হালনাগাদ করা হয় না বলেই এটা রয়ে গেছে। দ্রুত তা সংশোধন করা হবে।বরিশাল সিটি করপোরেশনের ওয়েবসাইটটি খুললেও দেখা যায় বিদায়ী মেয়র শওকত হোসেন হিরনের ছবি ও বার্তা। ছবির নিচে ‘নিউজ’ শিরোনামে সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের খবর রয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস নিয়মিত ওয়েবসাইট হালনাগাদ করা হয় না বলে স্বীকার করে জানান, হালনাগাদ করার বিষয়টি সরকারের নির্দিষ্ট যে প্রতিষ্ঠান আছে তারাই করে। এ বিষয়ে করপোরেশন উদ্যোগী হয়ে কিছু করতে পারে না। আর এর ফলেই এই বিপত্তি। রাজশাহী সিটি করপোরেশনের বিদায়ী মেয়র খায়রুজ্জামান লিটনের ছবি, বাণী ও জীবনালেখ্য পাওয়া যায় করপোরেশনের ওয়েবসাইটের প্রথম পাতায়। এ বিষয়ে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ না থাকায় এই সমস্যা হয়েছে। তবে শিগগিরই এই ভুল সংশোধন করা হবে।‘মেয়র সাহেব (তালুকদার আবদুল খালেক) চলে যাওয়ার পর একেবারে হ-য-ব-র-ল অবস্থা। তাই ওয়েবসাইট এখন সংশোধন করা হয়নি’ ওয়েবসাইটে এখনো পদত্যাগী মেয়রের নাম ও ছবি থাকার কারণ হিসেবে এমনটাই বললেন খুলনা সিটি করপোরেশনের সচিব এম ইদ্রিস সিদ্দিকী। তবে এটাকে একটা ছোট ভুল হিসেবে মেনে নিতে রাজি নন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ। তাঁর মতে, এটা সার্বিক অব্যবস্থাপনার অংশ। এটা প্রযুক্তিবিমুখতারও একটা উদাহরণ।