ওয়েবসাইটে ত্রুটি, ভর্তি হতে পারেনি শিক্ষার্থীরা
ওয়েবসাইটের ত্রুটির কারণে চট্টগ্রাম নগরের সরকারি কমার্স কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিন সাড়ে আট শ শিক্ষার্থীর মধ্যে মাত্র পাঁচজন ভর্তি হয়েছে। গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।
সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কলেজের ভর্তি কার্যক্রম অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম দিন কলেজের ওয়েবসাইটের সমস্যার কারণে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ফরম ডাউনলোড করতে পারেনি। ওয়েবসাইটটি ঠিক করার চেষ্টা চলছে। অনলাইনে সম্ভব না হলে সনাতন পদ্ধতিতে ভর্তি করা হবে।
তবে এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া।
প্রথম দফায় ভর্তি কার্যক্রম চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত। এ ছাড়া ২৮ থেকে ২৯ জুন এবং ২ থেকে ৪ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। কলেজে শ্রেণি কার্যক্রম শুরু হবে ১ জুলাই থেকে।