মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
ওয়েবসাইটে প্রকাশ করা লাল মুক্তিবার্তায় উল্লেখ নেই সোনাগাজীর ৫৬ মুক্তিযোদ্ধার নাম!
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুক্তিবার্তায় (লাল বই) নাম থাকা মুক্তিযোদ্ধাদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
মুক্তিযোদ্ধারা বলছেন, সোনাগাজী উপজেলা বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক দুজন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডারের (ত্রাণ ও সমাজকল্যাণ) নামসহ মোট ৫৬ জনের নাম ওয়েবসাইটে দেওয়া তালিকায় উল্লেখ করা হয়নি।
সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চূড়ান্ত করা মুক্তিবার্তার (লাল বই) ৪৭ নম্বর পৃষ্ঠায় সোনাগাজী থানার ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম ছিল। কিন্তু ওয়েবসাইটে এই পৃষ্ঠাটি নেই।
সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন, মফিজুল হক পাটোয়ারী ও বর্তমান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডারের (ত্রাণ ও সমাজকল্যাণ) মো. সাহাব উদ্দিন মুক্তিযোদ্ধা মন্ত্রণালায়কে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। ৪৭ নম্বর পৃষ্ঠায় ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশের অনুরোধ জানিয়েছেন। ৫৬ জনের মধ্যে তাঁদেরও নাম রয়েছে।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি সোনাগাজীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছেন। এ বিষয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে অবহিত করা হবে, যাতে দ্রুত ওয়েবসাইটে ৫৬ জন মুক্তিযোদ্ধার নামসহ ৪৭ নম্বর পৃষ্ঠাটি প্রকাশ করা হয়।