ওয়েবসাইটে মনজুরের কৈফিয়ত, নাছিরের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব ছিল মোহাম্মদ মনজুর আলমের কাঁধে। কেমন ছিল তাঁর কার্যক্রম? কাজের কৈফিয়ত দিয়েই চলেছেন তিনি। চট্টগ্রামকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দিয়ে চলেছেন আ জ ম নাছির উদ্দিন। কার দিকে ঝুঁকবেন ভোটাররা?
প্রতিদিন গণসংযোগে ভোটারদের মুখোমুখি হচ্ছেন দুই প্রার্থী। ভোটাররা হাসিমুখে দুজনকেই সম্ভাষণ জানাচ্ছেন। তবে মুখে কিছুই বলছেন না। গত দুই দিনে ভোটারদের মুখোমুখি হওয়ার দুটি আয়োজন হয়ে গেল চট্টগ্রামে। এর একটিতেও আওয়ামী লীগ-সমর্থিত নাছির এবং বিএনপি-সমর্থিত মনজুর আসেননি। কিন্তু ওয়েবসাইটে ভোটারদের এড়িয়ে যাওয়ার সেই সুযোগ নেই। সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অনেক জিজ্ঞাসার উত্তর দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।
মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নামে ওয়েবসাইট খুলেছেন। আ জ ম নাছির ওয়েবসাইট তাঁর নিজের নামে। দুটি ওয়েবসাইটেই পাঠকের প্রশ্ন করার সুযোগ রয়েছে।
প্রযুক্তির কল্যাণে ভোটাররা প্রার্থীদের প্রশ্ন করার সুযোগ পাওয়ার বিষয়ে শিক্ষাবিদ ও সাহিত্যিক ফেরদৌস আরা আলীম বলে, ‘একেবারে না পাওয়ার চেয়ে এটাই বা কম কী? তবে মানুষকে খুশি করার এসব উত্তর দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। অতীতে বহু প্রতিশ্রুতি তো দেখলাম। তার পরও মানুষের এই কৌতূহল আর প্রশ্নের উত্তরে দেওয়া প্রতিশ্রুতি কতটুকু পূর্ণ হবে, সেটা সময়ই বলে দেবে।’
মনজুর আলমের ওয়েবসাইটে প্রশ্ন কম, মতামত বেশি। আ জ ম নাছিরের ওয়েবসাইটে মতামত কম, প্রশ্ন বেশি। গতকাল সোমবার মনজুরের ওয়েবসাইটে মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী প্রশ্ন করেন ‘পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে আপনার পরিকল্পনা কী?’ মনজুরের জবাব, ‘শিগগিরই আমি মেনিফেস্টো ঘোষণা করব, সেখানে বিস্তারিত উল্লেখ থাকবে।’ তাঁর ওয়েবসাইটে নাগরিক মন্তব্য আর ভোটারদের মন্তব্য নামে দুটি কলাম আছে।
নাগরিক মন্তব্যে জাহিদুল করিম লিখেছেন, ‘মনজুর আলম মেয়র থাকাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো ধরনের দলীয়করণ কিংবা স্বজনপ্রীতি হয়নি।’ ভোটারদের মতামত কলামে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জল হোসাইন তৌহিদ লিখলেন, ‘হাসিনা সরকার সিটি মেয়রকে পর্যাপ্ত বরাদ্দ না দিয়ে সিডিএর মাধ্যমে অহেতুক ফ্লাইওভার নির্মাণে ব্যস্ত।’
১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকতার হোসেনের লেখায় আশঙ্কা, ‘পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে। আসলে ভোটের দিন হাতি প্রতীকের লোকজন জোরজবরদস্তি করার চেষ্টা করতে পারে...।’ তবে ভোটারদের মতামতে মনজুরের পক্ষে কৈফিয়তই প্রতিধ্বনিত হয়েছে বেশি। শওকত নামের একজন লিখেছেন, ‘১৭ বছরের সমস্যা সমাধান করতে অন্তত ১০ বছর সময় মনজুর ভাইকে দেওয়া দরকার।’
আ জ ম নাছিরের ওয়েবসাইটে পাঠকের নানা প্রশ্নের উত্তরে তিনি প্রতিশ্রুতি আর আশ্বাস দিয়ে গেছেন। সরওয়ার উদ্দিন নামের একজন প্রশ্ন করেছেন, ‘প্রথমে কোন সমস্যার সমাধান করবেন।’ তাঁর উত্তর, ‘জলাবদ্ধতা।’ ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, নতুন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা কী থাকবে? নাছিরের জবাব, ‘সরকারি বিদ্যালয় বৃদ্ধিতে আমার চেষ্টার কমতি থাকবে না।’ নাছিরের প্রতি অনেক ভোটারের প্রশ্ন তাঁদের এলাকা নিয়ে। কেউ বললেন আগ্রাবাদ সিডিএ ২০ নম্বর রোডের উন্নয়ন নিয়ে, কেউ বললেন হালিশহরের কথা। কারও কারও প্রশ্নে আবদারও আছে, ‘আপনার সঙ্গে ছবি তুলতে চাই।’ আ জ ম নাছির প্রশ্নকর্তাকে অনুরোধ করেছেন তাঁর সঙ্গে গণসংযোগে যোগ দিতে। ভূমিদস্যু, খাল খনন, রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে নগরের রাস্তায় হিজড়াদের আচরণ নিয়ে পর্যন্ত প্রশ্ন রয়েছে তাঁর কাছে। বিচিত্র সব প্রশ্নের জবাব তিনি প্রতিশ্রুতির মাধ্যমেই দিয়েছেন।