ওয়েলকাম টিউন ও রিং টোনের ব্যবসায় দুঃসময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ের বড় অংশই মুঠোফোন কোম্পানি ও কনটেন্টের (গান, সুর ইত্যাদি) স্বত্বাধিকারীকে দিতে হয় বলে সমস্যায় রয়েছে কনটেন্ট প্রোভাইডার প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া রয়েছে অডিও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে কপিরাইট নিয়ে সমস্যা। কনটেন্ট প্রোভাইডাররা বলছেন, তাঁদের টিকে থাকা নিয়েই সংশয়ের সৃষ্টি হয়েছে।দেশে মোট ৩০টি নিবন্ধিত কনটেন্ট প্রোভাইডার প্রতিষ্ঠান রয়েছে। তারা মুঠোফোনে ওয়েলকাম টিউন ও রিংব্যাক টোনের মতো সেবা দেয়। তাদের প্রাপ্ত রাজস্বের অর্ধেকই দিতে হয় সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরকে। বাকি অর্ধেক দিয়ে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রাপ্য পরিশোধ ও নিজেদের খরচ মেটাতে হয়। কনটেন্ট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের ভাষ্য হচ্ছে, মুঠোফোনে বিনোদন সরবরাহের পেছনে অবদানটি মূলত তাদের। কিন্তু মুঠোফোন অপারেটরদের সঙ্গে তাদের দেওয়া শর্তেই চুক্তির মাধ্যমেই ব্যবসা করতে হয়। রাজস্ব ভাগের ব্যবস্থা: মোট ৫০টি গান ডাউনলোড করা হলে কনটেন্ট প্রোভাইডাররা পান ৪৯টির অর্থ। তার ৫০ শতাংশই নেয় মুঠোফোন অপারেটররা। নাম না প্রকাশের শর্তে একজন ব্যবসায়ী বলেন, একজন গ্রাহকের কাছ থেকে একটি সেবার বিনিময়ে তারা কেবল একবারই আয় করার সুযোগ পান। কিন্তু মুঠোফোন অপারেটররা সারা বছরই এ বাবদ আয় করে।আগে অপারেটরদের কাছ থেকে (চার ডিজিটের) শর্টকোড ভাড়া নিতে কনটেন্ট ব্যবসায়ীদের লাগত ২০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। এখন বিটিআরসির কাছ থেকে পাঁচ ডিজিটের শর্টকোড ভাড়া নিতে ৫০ হাজার টাকা গুনতে হয়। কনটেন্ট ব্যবসায়ী উইনটেলের স্বত্বাধিকারী রানা আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘ব্যবসার অবস্থা খুবই খারাপ। একদিকে অপারেটরদের সঙ্গে অসম চুক্তি, অন্যদিকে কপিরাইট আইনের “অস্পষ্টতায়” অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রায়ই ঝামেলা লাগে।’ রানা আবুল বাশার আরও বলেন, কপিরাইট আইনের অস্পষ্টতার কারণেও তাঁরা সমস্যায় পড়ছেন। শিল্পী-কলাকুশলী ও প্রতিষ্ঠানের বিরোধের ফলে যথাসময়ে গান সরবরাহ করা অনিশ্চিত হয়ে পড়ে। মুঠোফোন অপারেটর ও অডিও প্রতিষ্ঠানের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে ‘সময়োপযোগী’ নীতিমালার জন্য তিনি বিটিআরসির প্রতি আহ্বান জানান।কপিরাইট প্রসঙ্গে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের কর্ণধার খালেদ হোসেন ভুঁইয়া বলেন, শিল্পীদের সঙ্গে দুই ধরনের চুক্তি হয়। এককালীন ও রয়্যালিটি ভিত্তিতে। যে শিল্পী যে রকম চান, তাঁর গান সেভাবে কিনে বাজারজাত করা হয়।কনটেন্ট প্রোভাইডরদের অভিযোগ নিয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ জন্য নীতিমালা আছে। আমরা এখন কনটেন্ট ব্যবসায়ীদের শর্টকোড দিচ্ছি। এতে করে ওদের মোবাইল অপারেটরদের দ্বারস্থ হতে হবে না।’ জিয়া আহমেদ বলেন, মুঠোফোন অপারেটর ও অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কনটেন্ট ব্যবসায়ীদের ‘অসামঞ্জস্যপূর্ণ’ চুক্তির কথা তিনি জানেন না।