মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওয়েস্টমন্ট গ্রুপের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে তলব করা হয়েছে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনকে। ঘটনার সময় ফরিদ উদ্দিন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ছিলেন।
দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন গতকাল সোমবার এই দুজনকে নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ২২ ডিসেম্বর তাঁদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০০২ সালে বিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ১২ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার (৭৮ কোটি ৯৯ লাখ টাকা) ঋণ নেয় ওয়েস্টমন্ট পাওয়ার (বাংলাদেশ) লিমিটেড। অভিযোগ ওঠে, যন্ত্রপাতি আমদানির নামে ওই টাকা অবৈধভাবে বিদেশে পাচার করা হয়। ২০০৯ সালে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। পরে এ অভিযোগে ২০১১ সালের ২১ এপ্রিল মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়া। মামলায় ওয়েস্টমন্ট গ্রুপ, গ্রুপের চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম, জনতা ব্যাংকের তৎকালীন সহকারী মহাব্যবস্থাপক রফিকুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার চারজন ও ফিলিপাইনের একজন নাগরিককে আসামি করা হয়। মামলাটির তদন্ত করছেন মীর জয়নুল আবেদীন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির মামলা করেছিলেন কাজী তাজুল ইসলাম।
মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ: নাসির গ্রুপের সঙ্গে প্রায় ১০০ কোটি টাকা লেনদেনের অভিযোগের সত্যতা যাচাইয়ে এমবি মানি এক্সচেঞ্জের মালিক শরিফ আরিফুজ্জামান টিটুকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।