ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে ২০টি জাহাজের নির্মাণকাজের উদ্বোধন
জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে ২০টি পণ্যবাহী ছোট আকারের জাহাজের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও এলাকায় অবস্থিত শিপইয়ার্ডে রীতি অনুযায়ী লোহার পাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রামের এভারগ্রিন শিপিং লিমিটেডের জন্য জাহাজগুলো নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন। ২০টি জাহাজের মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। প্রতিটি দেড় হাজার টন ধারণক্ষমতার এসব জাহাজ বন্দরের বহির্নোঙর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করবে। প্রতিটি জাহাজের দৈর্ঘ্য হবে ৬০ দশমিক ৬০ মিটার। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থার অধীনে এসব জাহাজ নির্মাণ করা হবে। আগামী তিন বছরের মধ্যে ২০টি জাহাজ পর্যায়ক্রমে এভারগ্রিন শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন এভারগ্রিন শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মস্তান বিল্লা আদিল, এস আলম গ্রুপের পরিচালক শহিদুল আলম ও রাশেদুল আলম, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান সাহিদুল আলম প্রমুখ। নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও পরিচালক আবদুল মবিন বক্তব্য দেন।