ওয়েস্টার্ন মেরিনে মাছ ধরার জাহাজের নির্মাণকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আধুনিক প্রযুক্তির একটি মাছ ধরার জাহাজের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটিয়ার কোলগাঁও এলাকার কারখানায় লোহার পাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বাংলাদেশে নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ জানায়, জাহাজটি নরওয়েতে রপ্তানি করা হবে। রপ্তানি মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার। এটি নির্মাণে ২০১৬ সালের জুনে নরওয়ের এইচ ওয়েস্টার ভোল্ড এএস কোম্পানির সঙ্গে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চুক্তি হয়।

মাছ ধরার জাহাজটি লম্বায় ৮০ মিটার। এটির ধারণক্ষমতা ২ হাজার মেট্রিকটন। বাংলাদেশে মাছ ধরার জাহাজগুলোর ধারণক্ষমতা ৩০০ টন। এই জাহাজ নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে খরচ হবে ১৫ মিলিয়ন ডলার। এ হিসেবে ১০ মিলিয়ন ডলার মূল্য সংযোজন হবে এটি নির্মাণে।

ওয়েস্টার্ন মেরিন জানায়, জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত হবে। এটির নির্মাণ কার্যক্রম তদারক করছে আন্তর্জাতিক মান তদারককারী সংস্থা ব্যুরো ভেরিতাস।