ওয়্যারলেস সেট উদ্ধার হয়নি গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া ওয়্যারলেস সেট ও মুঠোফোন পুলিশ উদ্ধার করতে পারেনি। আহত আলমগীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আলমগীর এখন শঙ্কামুক্ত। পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আলমগীর বাসার উদ্দেশে থানা থেকে বের হন। থানার কাছেই তাঁর বাসা। বাসায় ঢোকার সময় দুর্বৃত্তরা আলমগীরকে সিঁড়িতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাঁর কাছ থেকে ওয়্যারলেস সেট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় বুধবার এসআই নাহিদ হাসান বাদী হয়ে হত্যাচেষ্টা ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছেন। সহকারী পুলিশ সুপার আবু সায়িদ খন্দকার প্রথম আলোকে বলেন, পুলিশ ও গোয়েন্দা পুলিশের ছয়টি দল মাঠে আছে। জড়িত ব্যক্তিদের ধরতে ভৈরবসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।