‘সাবেক আমলাদের ঔপনিবেশিক ভাবধারা ও মনমানসিকতা পরিহার করতে হবে। তাঁদের মনে রাখতে হবে, দেশে এখন ঔপনিবেশিক শাসন নেই।’ গতকাল বৃহস্পতিবার সাবেক সচিব আসাফ্উদ্দৌলাহ্র বিরুদ্ধে আদালত অবমাননার রুল শুনানির সময় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের হাইকোর্টের বেঞ্চ এ মন্তব্য করেন। এ ধরনের ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ থেকে বিরত থাকতেও পরামর্শ দেন আদালত।আগামী সোমবার আদালত এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। গত ৭ আগস্ট ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফ্উদ্দৌলাহ্’ শিরোনামে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে ৯ আগস্ট আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। গতকাল আদালত আরও বলেন, ‘ঔদ্ধত্যের একটা সীমা থাকা দরকার। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে বিরত থাকতে হবে। কোনো বিশেষ বিচারপতির ভাবমূর্তি রক্ষায় নয়, আদালতের প্রতি জনগণের আস্থা রক্ষার জন্যই সবাইকে সচেষ্ট থাকতে হবে।’ হাইকোর্ট ১৯ আগস্ট আসাফ্উদ্দৌলাহেক আদালতে হাজির হতেও নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশ অনুসারে গতকাল সকালে হাইকোর্টে হাজির হন তিনি। দুই ঘণ্টার বেশি সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয় এই সাবেক সচিবকে। আসাফ্উদ্দৌলাহ্র পক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এ সময় আদালত বলেন, ‘তিনি (আসাফ্উদ্দৌলাহ্) ঔদ্ধত্যপূর্ণ কাজ করেছেন। তিন বছর জেলা জজ হিসেবে চাকরি করে মনে করছেন, তিনি সব জানেন। আদালত অবমাননার বিষয়ে আদালতের ক্ষমতা কমানো দরকার, তাঁর এমন বক্তব্য চরম আদালত অবমাননাকর। ওই বক্তব্যের বিষয়টি আমলে নেওয়া উচিত। তিনি কীভাবে বলেন বিচারকেরা দুর্নীতিপরায়ণ? আদালত অবমাননা একটি ফৌজদারি অপরাধ।’ আদালতের আইনি সহায়তাকারী (অ্যামিকাস কিউরি) হিসেবে আইনজীবী রফিক-উল হক, এম জহির, আবদুর রব চৌধুরী, রোকনউদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, আখতার ইমাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন। রোকনউদ্দিন মাহমুদ বলেন, সংবিধান সর্বোচ্চ আইন। আর সংবিধানের অভিভাবক হলো সুপ্রিম কোর্ট।