ঔপনিবেশিক আমলের প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমল থেকে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার কারণে অনেকে চাইলেও ভালো কাজ করতে পারছেন না। এ ব্যবস্থায় সব কাজেই দীর্ঘসূত্রতা লেগে থাকে। কোনো জবাবদিহিতাও নেই। ব্রিটিশ আমলের এই প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন।গতকাল রোববার দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলা হয়। সেমিনারে বক্তারা সামাজিক জবাবদিহিতার মাধ্যমে ‘অংশগ্রহণমূলক সুশাসন’ প্রতিষ্ঠারও আহ্বান জানান।‘সততা অঙ্গীকারনামা: সামাজিক জবাবদিহিতার মাধ্যমে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয় রাজধানীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে। এতে টিআইয়ের ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ১২টি শাখা ও টিআই সচিবালয়ের ২১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।সেমিনারে টিআইবির ট্রাস্টি অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, ‘আমাদের সংসদে এখনো জবাবদিহিমূলক ব্যবস্থা আসেনি। শুধু নেতানেত্রীর প্রশংসা বা নিন্দা করে সংসদ চলতে পারে না।’ দুর্নীতি দমনের জন্য অঙ্গীকারই যথেষ্ট নয়, মন্তব্য করে তিনি বলেন, এ জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি টিআইবির ‘সততার অঙ্গীকার’-এর ব্যাখ্যা করে বলেন, এটি একটি সামাজিক জবাবদিহি প্রক্রিয়া, যা আইনি বাধ্যবাধকতাহীন একটি সামাজিক চুক্তি। এটি গুরুত্বপূর্ণ খাতে সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়িয়ে তোলে। ইফতেখারুজ্জামান টিআইবির এ কর্মসূচির কিছু সফলতার চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, মিটিং-সিটিং-ইটিং হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আনিসুজ্জামান মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। তবুও মানুষ সহজভাবে এসব মেনে নিচ্ছে। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মমতাজ বেগম, আশরাফ আলী খান, নিলুফার চৌধুরী, জোবেদা খাতুন, শাম্মী আক্তার, টিআই জাম্বিয়ার পরিচালক গুডওয়েল লুঙ্গো প্রমুখ আলোচনায় অংশ নেন।