ঔপনিবেশিক মানসিকতামুক্ত দক্ষ প্রশাসন গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্বিশ্বের আমলাতন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে ঔপনিবেশিক মানসিকতামুক্ত দক্ষ, মেধাসম্পন্ন ও সৃজনশীল জনপ্রশাসন গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য চার মাসের প্রশিক্ষণ যথেষ্ট নয়, আরও প্রশিক্ষণ দিতে হবে।
গতকাল রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। একটি স্বাধীন দেশের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে সামরিক বাহিনীর সঙ্গে ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এনডিসি) সম্পন্ন করতে বেসামরিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একসঙ্গে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করতে তিনি এনডিসি চালু করেন। কিন্তু বেসামরিক কর্মকর্তারা সেখানে প্রশিক্ষণ নিতে আগ্রহী নন, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এর গুরুত্ব অনুধাবন করে অধিকসংখ্যক কর্মকর্তার এই কোর্স সম্পন্ন করা উচিত।
সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আইন ও বিধি-বিধান পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের দক্ষ ও গতিশীল করতে এবং তাঁদের যোগ্যতার বিকাশে ২০০৩ সালের বেসামরিক কর্মকর্তা প্রশিক্ষণ নীতি পরিবর্তন করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সিদ্দিকী ও সচিব কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার কাজের গতি বাড়াতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গোটা প্রশাসনকে ই-গভর্নেন্সের আওতায় আনতে চায়। তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন কেব্ল খুব শিগগির সংযুক্ত হবে। দেশের নিজস্ব স্যাটেলাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্নের পর উচ্চ গতিসম্পন্ন ব্রডব্রান্ড যুক্ত হবে।
জনপ্রশাসনকে দেশের হৃদপিণ্ড হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, প্রশাসনের স্বচ্ছন্দ গতির জন্য সরকার সম্পূর্ণভাবে এ মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। এ জন্য এটি সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন হলো বেসরকারি প্রশাসনের কেন্দ্রবিন্দু। নিয়োগ-বদলি, প্রমোশন, প্রশাসনিক ক্ষেত্রের ব্যবস্থাপনা, সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং আরও অনেক কার্যক্রম এই মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল।
২০১৩ সালের সাধারণ নির্বাচন ও ২০১৪ সালে বিএনপি-জামায়াত ও অগণতান্ত্রিক শক্তিগুলোর অরাজকতা ও হুমকি মোকাবিলায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই নির্বাচন আমাদের জন্য দেশকে সেবা করার সুযোগ এনে দিয়েছে, আমি এখানে শাসক হিসেবে নয়, ব্যক্তি হিসেবে তাঁদের সেবার জন্য এসেছি।’
পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ছয়টি বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট ১৭ হাজার ৮৪৬ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ৩৪তম ও ৩৫তম বিসিএসের ৪ হাজার ৩৬০ কর্মকর্তার নিয়োগ-প্রক্রিয়া চলছে উল্লেখ করে এ প্রক্রিয়া জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সরকার ৫০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ প্রক্রিয়া জোরদারের জন্য পিএসসিকে নির্দেশ দেন। এ ছাড়া তিনি জানান, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও কর্তব্যের সীমা নির্ধারণের উদ্দেশ্যে সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের আলোকে ‘সরকারি কর্মচারী আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যত তাড়াতাড়ি সম্ভব একটি নীতি প্রণয়ন করতে চায়। এরই পরিপ্রেক্ষিতে সরকার ঢাকা বিভাগকে দুটি প্রশাসনিক ভাগে বিভক্ত করার এবং ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন ‘পে-কমিশন’ বাস্তবায়ন করা হবে।