ঔষধি বৃক্ষের বাগানে হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ স্যার কথা দিয়েছেন, তাঁর প্রিয় ঔষধি বৃক্ষের বাগান দেখাতে নিয়ে যাবেন। পরিকল্পনামাফিক সকাল সকাল তাঁর ‘দখিন হাওয়া’র বাসায় গিয়ে বসে আছি। স্যার ব্যস্তসমস্ত হয়ে বেরিয়ে এলেন। ‘আমি আজকে যেতে পারব না। নুহাশপল্লীর রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। ভেতরের রাস্তায় গাড়ি চলছে না। আমার আবার হার্টের সমস্যা। ম্যানেজারকে বলে দিচ্ছি, তুমি চলে যাও। তোমাকে আরেক দিন বাগান দেখাব।’হুমায়ূন আহমেদ সঙ্গে যাবেন না। তাহলে আর ঔষধি বৃক্ষের বাগান দেখার মানে কী?‘স্যার, আপনাকে মোটরসাইকেলে নিয়ে যাব।’ মরিয়া হয়ে বলি।‘শোনো, আমার তো মোটরসাইকেলভীতি আছে। ছোটবেলায় একবার মামার মোটরসাইকেলে উঠেছিলাম। মামা আমাকে মোটরসাইকেলে উঠিয়েছেন। আমিও খুশিমনে উঠেছি। মামা মোটরসাইকেল চালিয়ে বাজার পর্যন্ত চলে গেছেন। আমি যে পেছন থেকে পড়ে গেছি, খেয়ালই নেই। সেই থেকে মোটরসাইকেলভীতি।’এরপর আর কথা চলে না। অগত্যা মুখ তোম্বা করে একা একাই গেলাম নুহাশপল্লী। এর মাস কয়েক পরই হবে সম্ভবত। হুমায়ূন আহমেদের নয় নম্বর বিপদ সংকেত ছবির শুটিং চলছে নুহাশপল্লীতে। গেলাম সেখানে। সঙ্গে আলোকচিত্রী কবির হোসেন।শুটিং চলছে। স্যারের পরনে নীল-সাদা ফুল ফুল বাটিকের শার্ট। হাতে চিত্রনাট্য। গরমে ঘামছেন। শট ওকে হলো। স্যার উঠে এসেই আমাকে বললেন , ‘চলো, তোমাকে বাগান দেখাতে নিয়ে যাই।’ বিস্মিত হওয়ার কোনো সময় না দিয়েই স্যার রওনা হলেন। ফিল্মের প্রোডাকশন টিম তাঁর পিছু পিছু ছুটল। মাথায় ছাতা ধরল কেউ একজন। কায়দা করে স্যার মাথায় চাপালেন হ্যাট। স্যারের পিছু নিলাম। সুযোগ পেয়ে তাঁকে বললাম, ‘স্যার, মাহিহি নামের একটা গাছের কথা বলেছিলেন। গাছটা কি আছে?’‘না, মারা গেছে।’ বলতে বলতে তিনি হাঁটেন। নানান জাতের গাছগাছালি পেরিয়ে আমরাও হাঁটি। সব কটি গাছের সামনেই সাইনবোর্ডে নাম লেখা আছে। বিচিত্র তাদের নামধাম—শিয়ালকাঁটা, জয়ত্রী, কৃষ্ণবট, দণ্ডকলস, ঈশ্বরমূল। ‘স্যার, আপনি বলেছিলেন, এর চেয়ে বড় ঔষধি বৃক্ষের বাগান দেশে আর নেই।’‘আমি তো তা-ই বিশ্বাস করি। খুব নামডাক শুনে একটা ভেষজ ঔষধ কোম্পানির বাগানে গিয়ে আমি যারপরনাই হতাশ হয়েছি। ওদের চেয়ে অনেক বেশি ঔষধি গাছ আছে আমার এখানে।’‘স্যার, এই গাছগাছালির প্রতি আপনার আগ্রহটা জন্মাল কীভাবে?‘মহর্ষি চরক ছিলেন আয়ুর্বেদ চিকিৎসার জনক। তাঁর একটা কথা আছে, যার জন্ম যেখানে, তার ভেষজও সেখানে জন্মগ্রহণ করে। গাছগাছালি, বিশেষ করে ঔষধি বৃক্ষের প্রতি আমার আগ্রহ প্রবল। কোনো কোনো গাছ আছে যাদের নিরাময়গুণ অবিশ্বাস্য।’ বলতে বলতে হুমায়ূন আহমেদ একটা গাছের পাশে দাঁড়িয়ে বলেন, ‘এটা একটা বিশেষ গাছ। কারণ, এ গাছের নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।’ বটে? গাছটা মন দিয়ে লক্ষ করি। স্যার গাছের সামনে দাঁড়ালেন। কবির ক্যামেরার শাটার টিপেই চলেছে। খানিকটা দূরে গিয়ে হুমায়ূন আহমেদ কী যেন ভাবলেন। বললেন, ‘দাঁড়াও, তোমাদের একটা জিনিস খেতে দেব, যেটা তোমরা সারা জীবন মনে রাখবে।’ কী সেই জিনিস? আমরা ভেতরে ভেতরে বেশ উত্তেজিত। কোথা থেকে হুমায়ূন আহমেদ নিজেই এক গোছা পাতা ছিঁড়ে নিয়ে এলেন। বললেন, ‘এটা চিবাও।’কবির মুঠো ভর্তি করে পাতা নিয়ে মুখে পুরল। স্যার বললেন, চিবাও। সে চিবাল। আমি একটা পাতা মুখে দিতে গিয়ে থেমে গেছি। পাতার তেতো স্বাদ মুখে লেগেছে। কবিরকে দেখলাম চিবিয়েই যাচ্ছে।‘এর নাম কালোমেঘ। প্রচণ্ড তেতো। একবার যে খায়, সারা জীবন মনে রাখে। তবে এর উল্টো জিনিসও আমার কাছে আছে। দারুণ মিষ্টি।’‘সেটা কী গাছ?’‘গাছের নাম স্টেভিয়া। মধুর চেয়ে কয়েক গুণ বেশি মিষ্টি। একটা পাতা চিবাও, মুখের তেতো চলে যাবে।’কবির আর পাতা চিবানোর ঝুঁকিতে গেল না। ওদিকে ক্যামেরা রেডি। লিচুগাছের ডালে তৈরি করা গাছবাড়ির দিকে ক্যামেরা তাক করা হয়ে গেছে। স্যার চলে গেলেন শুটিংয়ে। আমি মুগ্ধ হয়ে বাগানের গাছগাছালি আরেকবার দেখা শুরু করলাম। কবির ‘ওয়াক থু, ওয়াক থু’ করতে করতে আবার স্যারের পিছু পিছু ছুটল। ক্যামেরাসমেত।২০০৬ সালের আগস্ট মাসের আলাপচারিতা থেকে লেখা