কংক্রিটের জঞ্জালে সবুজের স্নিগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরের খিলজী রোডসংলগ্ন শ্যামলী শিশুপার্ক। পরিচ্ছন্ন পরিবেশের কারণে এটি অনেকের বেড়ানোর প্রিয় জায়গা হয়ে উঠেছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মোহাম্মদপুরের খিলজী রোডসংলগ্ন শ্যামলী শিশুপার্ক। পরিচ্ছন্ন পরিবেশের কারণে এটি অনেকের বেড়ানোর প্রিয় জায়গা হয়ে উঠেছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

দখলদারি, অযত্ন, অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকার অনেক পার্ক ও খেলার মাঠই যখন বেহাল, সেখানে শ্যামলী শিশুপার্কটি বেশ ব্যতিক্রম। আড়াই বছর আগে পুনরায় উন্নয়ন করা হলে পার্কের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে সিটি করপোরেশনের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের যুক্ত করার পর থেকেই এই পরিবর্তন। এখন শিশুদের পাশাপাশি পার্কটি একদিকে যেমন হয়ে উঠেছে এলাকার বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের প্রাতর্ভ্রমণ ও বেড়ানোর জায়গা, তেমনি এলাকার বাইরের শত শত মানুষের কাছে এটি এখন সময় কাটানোর প্রিয় স্থান।

প্রায় তিন একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্কের অবস্থান মোহাম্মদপুরের খিলজী রোডের পাশে, পিসি কালচার হাউজিং সোসাইটির ‘ক’ ব্লক সংলগ্ন এলাকায়। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত।

বাসিন্দারা বলছেন, ওয়ার্ডে মাদক, জলাবদ্ধতাসহ নানা সমস্যা আছে। তবে এগুলোর মধ্যেও স্থানীয় ব্যক্তিদের সরসারি তত্ত্বাবধানে খোল-নলচে পাল্টে যাওয়া এই পার্কটি তাঁদের কাছে একটি বিশেষ অনুপ্রেরণা। এর পরিপ্রক্ষিতে ওয়ার্ডের আরও কয়েকটি মাঠ সংস্কার করে তা একই পদ্ধতিতে পরিচালনার কথা ভাবছেন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান।

পাইপ বসানোর জন্য মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজসংলগ্ন সড়কটি খোঁড়াখুঁড়ি করা হয়েছে। তবে তা এখনো সংস্কার করা  হয়নি l ছবি: প্রথম আলো
পাইপ বসানোর জন্য মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজসংলগ্ন সড়কটি খোঁড়াখুঁড়ি করা হয়েছে। তবে তা এখনো সংস্কার করা হয়নি l ছবি: প্রথম আলো

ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের আয়তন দেড় বর্গকিলোমিটারের বেশি। হোল্ডিংয়ের সংখ্যা ৪ হাজার ৩৪০। ভোটার ৪২ হাজার। ওয়ার্ডের আওতাভুক্ত এলাকাগুলো হচ্ছে লালমাটিয়ায় এ থেকে জে ব্লক, আসাদগেট নিউ কলোনি, আসাদ অ্যাভিনিউ, ইকবাল রোড, আওরঙ্গজেব রোড, স্যার সৈয়দ রোড, শাহজাহান রোডের আংশিক, জেনেভা ক্যাম্প, গজনবী রোড, খিলজী রোড, হুমায়ূন রোড, বাবর রোড ও পিসি কালচার হাইজিং সোসাইটির ‘ক’ ব্লক।

গতকাল ওয়ার্ডের খিলজী রোড-সংলগ্ন ছায়াদানকারী বড় বড় গাছে ঘেরা এই পার্ক ঘুরে দেখা যায়, এর সর্বত্র পরিচ্ছন্নতার ছাপ। কংক্রিটের তৈরি ঝাঁচকচকে বেঞ্চ, রঙিন টাইলসের তৈরি হাঁটার পথ কিংবা অন্য বসার জায়গাগুলো আবর্জনামুক্ত। মাঝের অংশগুলোতে সতেজ ঘাসের বিছানা। এক অংশে শিশুদের খেলার জায়গা এবং নতুন করে নির্মিত একটি আধুনিক শৌচাগার।

কাউন্সিলরসহ এই পার্ক রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, ২০১৫ সালে পুনরায় উন্নয়নের পর থেকে পার্কটিতে নানা ধরনের ফলদ ও বনজ বৃক্ষের পাশাপাশি রোপণ করা হয়েছে শোভাবর্ধনকারী লতাগুল্ম ও নানা প্রজাতির ফুলের গাছ।

দেখা যায়, পার্কটিতে নারিকেল, খেজুর, আম ও কাঁঠালের চারার পাশাপাশি লাগানো হয়েছে বকুল, কদম, ঝাউসহ নানা ধরনের পাতাবাহার, কামিনী, কৃষ্ণচূড়া, রাধাচূড়াসহ শাল, রেইনট্রির মতো ছায়াদানকারী বৃক্ষ।

৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সূত্রে জানা যায়, পার্কটি পুনরায় উন্নয়নের পর এটি রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের জন্য স্থানীয় সাংসদ ও কাউন্সিলরের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দুটি আলাদা কমিটি গঠন করা হয়। এর মধ্যে শিশুপার্ক ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন বক্স প্রথম আলোকে বলেন, পার্কটি দেখভালের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ২০ জনের মতো স্থানীয় বাসিন্দা নিয়মিত কাজ করেন। 

ওয়ার্ডের মূল সমস্যা জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা

এদিকে ওয়ার্ডের বাসিন্দারা এখানকার মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসাকে। তাঁরা বলছেন, প্রশাসনের তৎপরতায় কিছুদিনের জন্য তা কমলেও সম্প্রতি আবার বেড়েছে।

এর বাইরে লালমাটিয়ায় ‘বি’ ও ‘ই’ ব্লকের বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবং এর কারণে তৈরি হওয়া জলাবদ্ধতা সমস্যার কথাও বলেছেন কেউ কেউ। পাশাপাশি আওরঙ্গজেব রোড ও গজনবী রোডে পাইপলাইনের কাজ শেষে সড়ক দুটি কাটাছেঁড়া অবস্থায় ফেলে রাখার ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন অনেকে।