কংক্রিটের সেতু করেনি নাইকো সরাতে চাইছে ভাসমানটাও
সুনামগঞ্জের দোয়ারাবাজার-টেংরাটিলা সড়কে একটি কংক্রিটের সেতু নির্মাণের অঙ্গীকার করে কানাডীয় কোম্পানি নাইকো এখনো তা না করে ভাসমান সেতু সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ রোববার উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এলাকাবাসী।সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীর ভাষ্যমতে, দোয়ারাবাজার-টেংরাটিলা সড়কের পাঁচ কিলোমিটারের মাথায় কালিয়াকান্দি এলাকায় ২০০৪ সালের এপ্রিলে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সংশ্লিষ্ট ঠিকাদার কাজও শুরু করেন। পরে গ্যাসক্ষেত্রে ভারী মালামাল নেওয়ার স্বার্থে একই স্থানে পাকা সেতুর বদলে একটি ভাসমান সেতু বসানোর জন্য এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দেয় নাইকো। চিঠিতে উল্লেখ ছিল, কাজ শেষ হওয়ার পর নাইকো সেখানে ভাসমান সেতুর বদলে একটি পাকা সেতু নির্মাণ করে দেবে। এ বিষয়ে লিখিত চুক্তিও আছে। কিন্তু এখন পাকা সেতু নির্মাণ না করেই ভাসমান সেতুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।জানা গেছে, ভাসমান সেতুটি পেন্টা মেরিন সার্ভিস নামের অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে মাসিক চার লাখ টাকায় ভাড়া এনেছিল নাইকো। এখন সেই ভাড়া ও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পেন্টা মেরনি সার্ভিস তাদের সেতুটি সরিয়ে নেওয়ার জন্য ইউএনওর কাছে আবেদন করেছে।এলাকাবাসী জানায়, এই সড়ক দিয়ে লক্ষ্মীপুর, সুরমা, বাংলাবাজার ও বোগলা ইউনিয়নের ১৫০টি গ্রামের মানুষ উপজেলা সদরে আসা-যাওয়া করে। ভাসমান সেতু সরিয়ে নিলে এই চার ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল হক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে গত মঙ্গলবার চিঠি দিয়ে বলেছেন, ভাসমান সেতুটি সরিয়ে নিলে এলাকাবাসী চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ পোহাবে। তাই এই স্থানটিকে ফেরিঘাট হিসেবে ইজারা দেওয়ার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়। আমিরুল হক বলেন, ‘নাইকো টেংরাটিলা এলাকাবাসীর সঙ্গে কথা দিয়ে কথা রাখেনি। আমরা এখানে পাকা সেতু না হওয়া পর্যন্ত ভাসমান সেতু সরাতে দেব না। এর প্রতিবাদে রোববার সকাল ১০টায় উপজেলা সদরে সমাবশে করে স্মারকলিপি দেওয়া হবে।’দোয়ারাবাজার উপজেলার ইউএনও কংকন চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমি পেন্টা মেরিন সার্ভিসের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। এখন তিনি ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।’ টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বর্তমানে নাইকোর কোনো কর্মকর্তা না থাকায় এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানা যায়নি।