ভারতের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবিতে কিছুটা অস্বস্তিতে পড়েছে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ। অস্বস্তির মূল কারণ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কারণে যে ‘বিশেষ নজর’ পেয়ে আসছে, তাতে ছেদ পড়ে কি না৷ তবে আওয়ামী লীগের নেতারা এও মনে করেন, শাসক দল বদলের কারণে বাংলাদেশ বিষয়ে ভারতের বৈদেশিক নীতির বড় কোনো পরিবর্তন হবে না৷
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে দলটির মনোভাব জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতা বলেন, ভারতের কংগ্রেস ও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পরীক্ষিত। দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও হৃদ্যতা রয়েছে, যা ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরও অনেক গভীর হয়েছে৷ ভারতের জন্যও ছিল তা স্বস্তির৷ এ জন্যই সরকারের পরিবর্তনের ফলে দ্বিপক্ষীয় এই সম্পর্কে ছেদ পড়বে না৷ তবে অনানুষ্ঠানিক সম্পর্কের যে বাড়তি সুবিধা পেয়ে আসছিল, তা হয়তো পাওয়া যাবে না।
জানতে চাইলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে বিজেপি সরকার গঠন করলে বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি পাল্টে যাবে—এটা ভেবে সাম্প্রদায়িক শক্তির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। বিজেপির সরকার দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তাঁর বিশ্বাস৷
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, বিজেপি সরকার নিয়ে আওয়ামী লীগের মূল দুশ্চিন্তা সীমান্ত বিরোধ, তিস্তার পানি সমস্যা, ছিটমহল সমস্যাসহ দ্বিপক্ষীয় কিছু অমীমাংসিত বিষয় নিয়ে। এসব অমীমাংসিত বিষয়ের সুরাহা হলে তা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ সরকার সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে। এসব দ্বিপক্ষীয় সমস্যার সমাধান কংগ্রেস সরকার করতে না পারলেও উদ্যোগী ভূমিকা চালিয়ে গেছে। এখন এসব বিষয়ে বিজেপি সরকার কতটা আন্তরিক হবে বা অগ্রাধিকার দেবে, এটা নিয়ে সংশয় আছে। কারণ বিজেপি বরাবরই স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে বিরোধিতা করে এসেছে। এ ছাড়া বিজেপি ও মোদির ‘বাংলাদেশি খেদাও’ নীতি এই সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গত বুধবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, তা জানতে অপেক্ষা করতে হবে। নরেন্দ্র মোদি সরকার কেমন বৈদেশিক নীতি গ্রহণ করে, তা দেখতে হবে।
অবশ্য আওয়ামী লীগের আরেক গুরুত্বপূর্ণ নেতা বলেন, ভারতের নিরাপত্তা ইস্যুতে কংগ্রেস সরকারকে শর্তহীন সহায়তা দিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ভারতও আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে৷ এখন হুট করে এই সম্পর্কের অবসান হওয়ার কারণ নেই। তবে কংগ্রেস ও গান্ধী পরিবার এবং প্রণব মুখার্জির সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যে দীর্ঘদিনের সম্পর্ক, বিজেপি ও নরেন্দ্র মোদির সঙ্গে খুব দ্রুত তেমনটা হয়ে ওঠার সম্ভাবনা কম৷