কংস নদে ভাঙন, ঝুঁকিতে বসতবাড়ি ও বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশতলা গ্রামে কংস নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম। গত শনিবার বাঁশতলা সরকারি উচ্চবিদ্যালয়ের পেছন থেকে তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশতলা গ্রামে কংস নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম। গত শনিবার বাঁশতলা সরকারি উচ্চবিদ্যালয়ের পেছন থেকে তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কংস নদের ভাঙনের কবলে পড়েছে বাঁশতলা গ্রাম। এ বছর গ্রামটির ১০টি বসতবাড়ি নদে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মুখে রয়েছে আরও কিছু বাড়িঘর, একটি বাজার ও দুটি বিদ্যালয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর বর্ষার শুরুতে বাঁশতলা গ্রাম কংস নদের ভাঙনের কবলে পড়ে। ইতিমধ্যে ১০টি বসতবাড়ি ভেঙে নদে চলে গেছে। গত ১৫ বছরে এ গ্রামের অন্তত ৪০টি বসতভিটা বিলীন হয়ে গেছে। বর্তমানে বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলা উচ্চবিদ্যালয়ের ধার ঘেঁষে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে রয়েছেন ওই দুটি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।

সরেজমিন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর আগে কংস নদের গতিপথ ছিল বাঁশতলা গ্রাম থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে। ভাঙন দেখা দেওয়ায় গতিপথ পরিবর্তন হয়। ১৫ বছরে বাঁশতলা বাজার-সংলগ্ন ডেফুলিয়া বাজার, ৫০ একর ফসলি জমি ও কমপক্ষে ৪০টি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে। পরবর্তী সময়ে ডেফুলিয়া বাজারটি আনুমানিক ৩০০ মিটার দূরে স্থানান্তর করা হয়। এ বছর এটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। গৃহহীন হয়ে অনেকে গ্রাম ছেড়ে চলে গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আবার অনেকেই অন্যের বাড়ি বাস করছে। কেউ ভাঙন এলাকায় আবারও বাড়ি নির্মাণ করেছে।

বাঁশতলা গ্রামের মো. শাহজাহান বলেন, দেড় মাস আগে তাঁর বাড়ি ভেঙে নদীগর্ভে চলে গেছে। বর্তমানে তিনি প্রতিবেশীর বাড়িতে বসবাস করছেন। রুহুল আমিন নামের আরেক ব্যক্তি বলেন, ভাঙনে ঘর বিলীন হওয়ায় তাঁরা প্রতিবেশীর বাড়িতে থাকছেন। এ ছাড়া ভাঙনে বসতবাড়ি হারানো কয়েকটি পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়ি এবং রাতে বাঁশতলা উচ্চবিদ্যালয়ের বারান্দায় কাটাচ্ছেন।

সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশতলা উচ্চবিদ্যালয়ের সীমানাঘেঁষা এলাকায়। সরেজমিনে দেখা যায়, ওই দুটি বিদ্যালয়ের মাত্র ২০ ফুট দূরত্বে কংস নদ। স্থানীয় ব্যক্তিদের আশঙ্কা, এ বছর বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে বিদ্যালয় দুটি নদীতে বিলীনের আশঙ্কা রয়েছে।

বাঁশতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়টি হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীতে তলিয়ে যেতে পারে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে অনুরোধ করেছি।’

ইউএনও রাশেদ হোসেন চৌধুরী বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করে ৮০ জন ক্ষতিগ্রস্তের তালিকা করেছি। দুটি বিদ্যালয় ভাঙনের মুখে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) অবহিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’

পাউবোর ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রকল্প করে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’