‘কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’-এর খসড়া চূড়ান্তভাবে আইনে রূপান্তরিত না করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
কওমি মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও যুগোপযোগী শিক্ষাদানের লক্ষ্যে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য সংসদের চলতি অধিবেশনে বিল পাস করতে সরকার প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ করে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। এই উদ্যোগ প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি ও শীষস্থানীয় আলেমদের সমন্বয়ে গঠিত হয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ।
সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক আবদুল জব্বার দাবি করেন, সরকার কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ নামে কমিটি গঠন করতে চাইছে। তা বাস্তবায়ন হলে কওমি মাদ্রাসার পরিচালনা, ব্যবস্থাপনা, পাঠ্যক্রম ও শিক্ষানীতি—সবকিছুই সরকারের নিয়ন্ত্রণাধীন ও তার ইচ্ছার তল্পিবাহকে রূপান্তরিত হবে। এর ফলে কওমি শিক্ষার স্বকীয় সত্তা ও স্বাধীন ধর্মীয় শিক্ষার চর্চা বিপন্ন হবে।