কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর ১৩ দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
গতকাল মঙ্গলবার সকালে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাছসহ হেফাজতে ইসলামের ঢাকা অঞ্চলের একটি প্রতিনিধিদল আহমদ শফীর সঙ্গে দেখা করতে হাটহাজারী মাদ্রাসায় গেলে তিনি তাঁদের এসব কথা জানান।
আহমদ শফী বলেন, ‘সরকার শাপলা চত্বরে রাতের অন্ধকারে আমাদের সরলপ্রাণ ইসলামপ্রিয় নেতা-কর্মীদের যেভাবে হত্যা করেছে, তা কেবল ইহুদিদের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করা চলে। আমাদের ইমানি অধিকার যেকোনো মূল্যে আদায় করা হবে। কোনো বাধা আমাদের রুখে দিতে পারবে না।’ তিনি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, দমন-পীড়ন ও জবরদস্তিমূলক তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে মাওলানা শামসুল হক, আনাস মাদানী, মাসুদুল করীম ও ফজলুর রহমান উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির নেতারা এক যৌথ বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে হেফাজতে ইসলাম সম্পর্কে ধরাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ১১ থেকে ২০ জুন হরতাল না দেওয়ার আহ্বান: এদিকে আগামী ১১ জুন থেকে সারা দেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন মাদ্রাসার সাতটি স্তরে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। ২০ জুন পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আবদুল জব্বার পরীক্ষা চলাকালে হরতালের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।