কওমি মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশ
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার সাতটি স্তরের গড় পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ। বোর্ডের ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ৮৬ হাজার ১৭০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬২ হাজার ২৯৩ জন ছাত্রছাত্রী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী স্টার পেয়েছেন ১১ হাজার ২৭৭ জন। প্রথম বিভাগে পাস করেছেন ১৪ হাজার ৬৫৩ জন ছাত্রছাত্রী।
গতকাল বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বেফাকের মহাসচিব আবদুল জব্বারের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফল অনুযায়ী, কওমি মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণি তাকমিলে (স্নাতকোত্তর ডিগ্রি) ছাত্রদের পাসের হার ৭৪ শতাংশ ও ছাত্রীদের ৬৬ দশমিক ৬৫ শতাংশ। তাকমিলে মেধা তালিকায় প্রথম হয়েছেন পুরান ঢাকার মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগরের ছাত্র মুহাম্মাদ কামরুল হাসান। ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন রাজধানীর রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসার রাবিবা হুসাইন বুশরা।
ফজিলতে (স্নাতক) ছাত্রদের পাসের হার ৬৯ দশমিক ৯৭ শতাংশ ও ছাত্রীদের ৬২ দশমিক ৪৭ শতাংশ। ফজিলতে মেধা তালিকায় প্রথম হয়েছেন যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া বাইতুন নুর মাদ্রাসার ছাত্র মুহাম্মাদ জাওয়াদ আহমাদ। ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসার মাহিরা।
সানাবিয়্যাহ উলইয়ায় (উচ্চমাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৩৮ শতাংশ ও ছাত্রীদের ৫৬ দশমিক ৭৩ শতাংশ। এই স্তরে মেধা তালিকায় প্রথম হন খুলনা জেলার উমর বিন খাত্তাব (রা.) মুহাম্মাদনগর মাদ্রাসার সাইয়্যেদ আবু সাঈদ। ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুরের আল মাদ্রাসা আল মাদানিয়া আল আরাবিয়া মহিলা মাদ্রাসার মারইয়াম মুবাশশিরা।
মুতাওয়াসসিতাহতে (নিম্নমাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১০ শতাংশ, ছাত্রীদের ৬৬ দশমিক ৮৬ শতাংশ। এ স্তরে মেধা তালিকায় প্রথম হয়েছে যৌথভাবে তিনজন। তারা হলো গাজীপুরের আল জামিয়াতুল উসমানিয়া দারুল উলুম সাতাইশ মাদ্রাসার মোজ্জাম্মেল হক, কুষ্টিয়ার আশরাফুল উলুম মাদ্রাসার হাবিবুর রহমান ও একই মাদ্রাসার মুহাম্মাদ মুযযাম্মিলুল হক। ছাত্রীদের মধ্যে প্রথম হয় রাজধানীর গোলাপবাগ দারুল উলুম মহিলা মাদ্রাসার নাজিয়া সুলতানা।
ইবতিদাইয়্যাহ (প্রাথমিক) ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ, ছাত্রীদের ৬১ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের মধ্যে প্রথম হয় কুমিল্লার রাজাপুর জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মুহাম্মদ মাহদী হাসান। ছাত্রীদের মধ্যে প্রথম স্থান পেয়েছে ময়মনসিংহের মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার নুসরাত জান্নাত জারীন।
এ ছাড়া তাহফিজুল কোরআন বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ ও ইলমুত তাজবিদ ওয়াল কিরাত বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৯৪ শতাংশ।