কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান বেফাকের
প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)।গতকাল মঙ্গলবার বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী, মহাসচিব আবদুল জব্বারসহ ছয়জন কর্মকর্তা যৌথ বিবৃতিতে এই প্রত্যাখ্যানের কথা জানান।বিবৃতিতে বলা হয়, আল্লাহ, রাসুল (সা.), কোরআন ও ইসলাম সম্পর্কে ব্যঙ্গ ও কটাক্ষকারীদের কঠোর শাস্তির দাবিতে আলেমরা যখন ইমান ও দেশ রক্ষার আন্দোলনে ব্যস্ত, সেই মুহূর্তে দরবারি আলেমরা কওমি সনদের স্বীকৃতির বিষয়টি সামনে নিয়ে এসেছেন। এটাকে ‘মুলা ঝোলানো’ এবং চলমান আন্দোলনকে ব্যাহত করার ‘হীন ষড়যন্ত্র’ বলে বিবৃতিতে দাবি করা হয়।বিবৃতিতে অভিযোগ করা হয়, স্বার্থান্বেষী কয়েকজন মাওলানা সুযোগ বুঝে সরকার থেকে নানাভাবে লাভবান হচ্ছেন এবং এর বিপরীতে কওমি মাদ্রাসার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছেন। জাতি তাঁদের কখনো ক্ষমা করবে না। এসব দরবারি আলেমকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানানো হয়।