বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। পরীক্ষার সাতটি স্তরে গড় পাসের হার ৭১ দশমিক ১৭ শতাংশ। এবার মোট ৬৩ হাজার ৩৫৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১০ হাজার ২৬ জন প্রথম বিভাগে পাস করেছেন।
গতকাল বিকেলে বেফাকের মহাসচিব মুহাম্মাদ আবদুল জব্বার ফলাফল ঘোষণ করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ বোর্ডের ফলাফল তাঁর কাছে হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ তাকমিল শ্রেণিতে (স্নাতকোত্তর) ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক ২৫ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৫ শতাংশ। স্নাতক বা ফজিলত শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৬৬ দশমিক ৭৬ শতাংশ, ছাত্রীদের ৫৮ দশমিক ৬৬ শতাংশ। উচ্চমাধ্যমিক বা সানাবিয়্যাহ শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৭৪ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৪৮ দশমিক ৭০ শতাংশ। নিম্ন মাধ্যমিক বা মুতাওয়াসসিতাহ শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৬০ শতাংশ। প্রাথমিক বা ইবতিদাইয়্যাহ শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৬৬ দশমিক ৩০ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৮ শতাংশ।
এ ছাড়া তাহফীযুল কোরআন বিভাগে ৮৪ দশমিক ৭ শতাংশ ও ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরায়াত বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৫২ শতাংশ।
বেফাক জানিয়েছে, পরীক্ষার ফলাফল বেফাকের ওয়েবসাইটে www.befaqbd.com <http://www.befaqbd.com> পাওয়া যাবে।