বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) পরীক্ষার ফলাফল গতকাল শনিবার প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার সাতটি স্তরের গড় পাসের হার ৭৪ দশমিক ৬০ শতাংশ। বোর্ডের ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষায় ৭৩ হাজার ৬৪৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২১ হাজার ৯৯২ জন ছাত্রী।
গতকাল শনিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ বেফাকের মহাসচিব আবদুল জব্বারের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় বেফাকের সহকারী মহাপরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফল অনুযায়ী, কওমি মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণি তাকমিলে (স্নাতকোত্তর ডিগ্রি) ছাত্রদের পাসের হার ৮০ দশমিক ৩০ শতাংশ ও ছাত্রীদের ৬৮ দশমিক ৩৫ শতাংশ। তাকমিলে মেধা তালিকায় প্রথম হয়েছেন নারায়ণগঞ্জের জামিয়া রাব্বানিয়া আরাবিয়ার মুহাম্মাদ নুরুদ্দীন।
ফজিলতে (স্নাতক) ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৯৯ শতাংশ ও ছাত্রীদের ৬৫ দশমিক ৪৮ শতাংশ। ফজিলতে মেধা তালিকায় প্রথম হয়েছেন একই মাদ্রাসার ছাত্র রাশেদুল ইসলাম। সানাবিয়্যাহ উলইয়ায় (উচ্চমাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৯০ শতাংশ ও ছাত্রীদের ৬০ দশমিক ৭০ শতাংশ।
এই স্তরে মেধা তালিকায় প্রথম হয় জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুহাম্মদ ইব্রাহীম খলিল। মুতাওয়াসসিতাহতে (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৪৩ শতাংশ, ছাত্রীদের ৭১ দশমিক ৪০ শতাংশ।
মেধা তালিকায় প্রথম মাদারীপুরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার আল-আমীন। ইবতিদাইয়্যাহ (প্রাথমিক) ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৯৫ শতাংশ, ছাত্রীদের ৫৯ দশমিক ৭৭ শতাংশ। মেধা তালিকায় প্রথম হয়েছেন কুমিল্লার জামিয়া ইসলামিয়া মোহাম্মাদিয়ার মুহাম্মদ তাসলিম।
এ ছাড়া তাহফিজুল কোরআন বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৭২ শতাংশ ও ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাত বিভাগের পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ।