কওমি মাদ্রাসার পাঠ্যক্রমে জঙ্গিবাদের স্থান নেই
দেশের কওমি মাদ্রাসাগুলো নানা সমস্যার মধ্যে আছে। এগুলোর পাঠ্যক্রম প্রাচীন ধরনের। এসব মাদ্রাসা থেকে পাস করা ছাত্ররা অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রদের মতো দ্রুত চাকরি পায় না। ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ’ শীর্ষক সাম্প্রতিক একটি কৌশলপত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) গতকাল রোববার তাদের গুলশানের কার্যালয়ের সম্মেলন কক্ষে কৌশলপত্রটি উন্মুক্ত করে।একই দিনে প্রতিষ্ঠানটির ‘জনগণের তথ্য: বাংলাদেশে গোয়েন্দা সংস্থার ভূমিকা’ শীর্ষক আরেকটি কৌশলপত্র প্রকাশিত হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জাস্টিন লি কৌশলপত্র দুটি উন্মুক্ত করেন। ‘জনগণের জন্য শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক একটি প্রকল্পের অংশ হিসেবে বিইআই অস্ট্রেলিয়ান হাইকমিশনের সহায়তায় এই কৌশলপত্র দুটি প্রকাশ করে।প্রথম কৌশলপত্রটিতে বলা হয়, কওমি মাদ্রাসার পাঠ্যক্রমের সঙ্গে তাদের যে বিষয়গুলো পড়ানো হয়, তার মধ্যে মিল খুব কম। শিক্ষার মানোন্নয়নের জন্য ছাত্রদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তবে কৌশলপত্রটিতে বলা হয়েছে, কওমি মাদ্রাসার পাঠ্যক্রম জঙ্গিবাদের বীজ বপন করে না।প্রতিবেদনটিতে আরও বলা হয়, মাদ্রাসাগুলোর ক্ষেত্রে সামাজিকভাবে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটি এর শিক্ষাদান, শিক্ষার মান এবং সরকারি সহায়তার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। সমাজে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যথাযথ স্বীকৃতিও নেই।অন্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তুলনা করলে মাদ্রাসার স্নাতক ডিগ্রিধারীদের চাকরির হার খুবই কম। আলিয়া-স্নাতকদের যোগ্যতা বৃদ্ধির জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়ার জন্য প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়। আইটিসহ (ইনফরমেশন টেকনোলজি) বিজ্ঞানের বিষয়গুলো, বাণিজ্য ও ইংরেজি শিক্ষার ক্ষেত্রে এই প্রকল্প চালাতে হবে।প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষক এবং কারিকুলাম উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। চলমান শিক্ষানীতি অনুসারে কওমি মাদ্রাসাগুলোকে যোগাযোগ কাঠামোর মধ্যে আনতে হবে। জাতীয় শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের জন্য প্রতিবেদনে জোর দেওয়া হয়।মাদ্রাসাগুলোর কাঠামোগত উন্নয়নের জন্যও প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়। শ্রেণীকক্ষ, আনুষঙ্গিক লেখাপড়া—এগুলো সংযুক্ত করার জন্যও পরামর্শ দেওয়া হয়।বিইআইয়ের প্রেসিডেন্ট ফারুক সোবহান বলেন, সরকার সন্ত্রাসবাদবিরোধী কৌশল তৈরি করছে এবং এই প্রতিবেদন সেই কাজে সাহায্য করবে।