কওমি মাদ্রাসার শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন, কওমি মাদ্রাসার পাঠ্যক্রম ঠিক করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি স্বীকৃতি দেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে কওমি মাদ্রাসাভিত্তিক শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।কওমি মাদ্রাসার পাঠ্যক্রম প্রণয়নের জন্য গঠিত কমিশনের চেয়ারম্যান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা মুফতি রুহুল আমিন। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে শতাধিক আলেম-ওলামার বৈঠকের নেতৃত্ব দেন মুফতি রুহুল আমিন।বৈঠকে কওমি মাদ্রাসাভিত্তিক আলেমদের পক্ষে দেওয়া সাত দফা দাবির মধ্যে আছে মহানবী (সা.)কে কটূক্তিকারী চিহ্নিত অন্য ব্লগারদের গ্রেপ্তার, সংসদে আগামী অধিবেশনে মহানবীর (সা.) মর্যাদা সংরক্ষণ আইন পাস, কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি, জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীর সব বই নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা প্রভৃতি।আলেমদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাবেশ করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু আমার ভয় হয়, এ সুযোগে অপকর্মকারীরা ঢুকে কোন অঘটন ঘটায়! তাই সমাবেশকে ঘিরে আপনারা সবাই সতর্ক থাকবেন।’ জামায়াতকে নিষিদ্ধ করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে হাইকোর্টে একটি মামলা আছে। তাই বিচারাধীন বিষয়ে কিছু বলতে পারি না।’আলেমদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, দায়ী ব্লগারদের খুঁজে বের করে গ্রেপ্তার শুরু হয়েছে। মহানবীকে (সা.) কটূক্তি বরদাশত করা হবে না। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করে কেউ ইসলামবিরোধী কাজ করলে তার শাস্তির আইন ২০০৯ সালেই করা হয়েছে। তা ছাড়া বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারা এবং দণ্ডবিধিতেও শাস্তির বিধান আছে।শেখ হাসিনা বলেন, ‘ইসলামের পক্ষে আমরাই সবচেয়ে বেশি কাজ করি। কিন্তু অপপ্রচার হয় আমাদের নামেই।’ এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ব্যবস্থা করেন এবং জায়গা বরাদ্দ দেন। কাকরাইল মসজিদের জায়গা বরাদ্দ করেন বঙ্গবন্ধু। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ হয়। বর্তমান সরকার আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারণ, ধর্মীয় শিক্ষা না থাকলে প্রকৃত শিক্ষা হয় না। মুফতি রুহুল আমিন বলেন, মহানবী (সা.) বিদায় হজেই অসাম্প্রদায়িক চেতনার কথা বলে গেছেন। তাই যারা সাম্প্রদায়িক উসকানি দেয়, তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। তিনি জামায়াতকে আল্লাহর দুশমন আখ্যা দিয়ে বলেন, এদের নির্মূল করতে হবে। শায়খুল হাদিস এমদাদুল্লাহ কাসেমী বলেন, লংমার্চে যাতে কোনো দুষ্কৃতকারী ঢুকে আলেম সমাজকে সরকার ও জনগণের মুখোমুখি দাঁড় না করায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাওলানা শামসুল হক বলেন, কওমি মাদ্রাসা জঙ্গি-সন্ত্রাসী পয়দা করে না। সংখ্যালঘুদের ওপর হামলায় কওমি মাদ্রাসার ছাত্ররা জড়িত নয়।প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।