কওমি মাদ্রাসায় পরীক্ষার জন্য সিলেটে হরতাল ‘টাইট’ হয়নি!
হরতালে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকলেও কওমি মাদ্রাসা ছিল খোলা। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড সিলেটের দেওয়া তথ্যমতে, সিলেট জেলায় শতাধিক কওমি মাদ্রাসার পরীক্ষা গতকাল রোববার ৩০টি কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সিলেট নগরের ছয়টি মাদ্রাসার পরীক্ষা তিন কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হয়। কওমি মাদ্রাসা বোর্ড সিলেট কার্যালয় সূত্র জানায়, দেশের চার সহস্রাধিক কওমি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঘোষিত রুটিন অনুযায়ী হয়েছে। সিলেট জেলার পাঁচ শতাধিক কওমি মাদ্রাসার আলিম, ফাজিল, কামিল ও ইবতেদায়ি পঞ্চম বর্ষের একটি বিষয়ের পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। জামেয়া মাদানিয়ার শিক্ষক শাহ শমসাদ হরতাল আহ্বানকারী একটি দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং হরতাল সমর্থনের কথা স্বীকার করেন। তবে পরীক্ষা গ্রহণ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর লাগি তো সিলেটে হরতাল টাইট হইছে না!’ এ ব্যাপারে তিনি আর কিছু বলতে রাজি হননি। কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১ মে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালে তাঁরা শিক্ষকসহ মাঠে ছিলেন। এবার পরীক্ষার জন্য মাঠে না থাকলেও হরতাল সমর্থন করছেন। হরতাল সমর্থন করে আবার পরীক্ষা দেওয়া প্রসঙ্গে সোবহানীঘাটের জামেয়া মাহমাদিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী বলেন, ‘এটা অবশ্য ঠিক হয়নি। আমাদের পরীক্ষায় অংশ নেওয়া হরতাল না মানারই শামিল।’ এ ব্যাপারে হরতাল আহ্বানকারী একটি দল ইসলামী আন্দোলনের সিলেট জেলার সভাপতি সৈয়দ আকমল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমরা খেয়াল করিনি। এটা আসলে সরকারেই কূটকৌশল।’ তাঁর দাবি সিলেটে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে।কওমি মাদ্রাসা বোর্ড সিলেটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার রুটিন অনেক আগেই করা হয়েছে। এখানে কৌশলগত কোনো বিষয় নেই।’ ঢিলেঢালা হরতাল: সকালে নগরের সোবহানীঘাট ও জিন্দাবাজার মোড়ে হরতাল আহ্বানকারীরা পিকেটিং করতে জড়ো হলে পুলিশের বাধার মুখে তারা চলে যায়। দুপুরে জিন্দাবাজার মোড়ে খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা শাহীনূর পাশার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। কিন্তু আশপাশে পুলিশ মোতায়েন থাকায় মিছিল আর হয়নি।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, নগরের প্রতিটি এলাকায় পুলিশ মোতয়েন ছিল। মাঠে পিকেটারদের দেখা যায়নি। হরতাল শুধু নামেই পালিত হয়েছে। সকাল থেকে নগরে যানবাহন চলাচল করতে দেখা গেছে।