কওমি মাদ্রাসায় হাত দিলে সরকার ধ্বংস হবে: বাবুনগরী
কওমি মাদ্রাসায় হাত দিলে সরকার ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, এই আইন করতে গেলে লাখ লাখ লাশ পড়বে। আর এসব লাশের ওপর দিয়ে এই আইন পাস করতে হবে। ব্রিটিশ সরকারও এটি ধ্বংস করার চেষ্টা করে সফল হয়নি।
দেশের কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করা থেকে সরকারকে বিরত থাকার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ রোববার দুপুরে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, নির্বাচনে হেফাজত কোনো দলের ব্যানারে অংশ নেবে না। হেফাজতের কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশ নিলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি বলেন, মুসলমান হিসেবে যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, তাদের ভোট দেওয়া হারাম।
সরকারকে উদ্দেশ করে বাবুনগরী আরও বলেন, সরকারের সঙ্গে কওমি মাদ্রাসার কোনো সম্পর্ক নেই, সংঘর্ষও নেই। সরকারের উচিত স্কুল-কলেজ নিয়ে থাকা। কওমি মাদ্রাসার কোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ নেই।
সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
সম্মেলনে চারটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ১ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল, ২ নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের মাঠে মহাসমাবশে, ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ। আর চতুর্থটি হলো কওমি মাদ্রাসার শিক্ষা আইন পাসের উদ্যোগ থেকে সরকার বিরত না হলে এবং হেফাজতের কর্মসূচিতে বাধা দিলে হরতালসহ কঠিন কর্মসূচির ঘোষণা।
এ ছাড়া সম্মেলন থেকে হেফাজত গ্রেপ্তার নেতা ও সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস, মুফতি হারুন ইজাহার এবং মাগুরার হেফাজত নেতা জাবের আলীসহ অসংখ্য নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও সব মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানানো হয়।