কওমি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৬৯.২২
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ সুলাইমান ইবনে আলী বেফাকের মহাসচিব আবদুল জব্বারের হাতে ফলাফল হস্তান্তর করেন। প্রকাশিত ফলাফলে শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত মোট সাতটি বিভাগে গড় পাসের হার ৬৯ দশমিক ২২ শতাংশ।
এর মধ্যে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস তাকমিলে (স্নাতকোত্তর ডিগ্রি) পাসের হার ছাত্রদের ৭৯ দশমিক ৯, ছাত্রীদের ৭২ দশমিক ৪৩ শতাংশ; ফজিলত (স্নাতক ডিগ্রি) ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৫৬ ও ছাত্রীদের ৬২ দশমিক ৫১; সানাবিয়াহ (উচ্চমাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৬০ দশমিক ৭৩, ছাত্রীদের ৫৪ দশমিক ৭৬; মুতাওয়াসসিতাহ (নিম্নমাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৪৩, ছাত্রীদের ৫৮ দশমিক ৮৮; ইবতিদাইয়াহ (প্রাথমিক) ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৬০, ছাত্রীদের ৫৯ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া হিফজ ও কিরাত বিভাগের পাসের হার যথাক্রমে ৮৪ দশমিক ২৭ ও ৮৫ দশমিক শূন্য ৭ শতাংশ।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে বেফাকের মহাসচিব আবদুল জব্বার বলেন, কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে সফলতার নজির স্থাপন করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্য আলেম হয়ে ইসলামের সঠিক কথা তুলে ধরবেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।