কওমি শিক্ষাসনদের স্বীকৃতি দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসা শিক্ষাসনদের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া অর্থ, জনপ্রশাসন ও প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন শেষে এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় আছে।
দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও সরকারের শেষ সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে কওমি মাদ্রাসার একটি অংশ এর বিরোধিতা করে আসছে। আরেকটি অংশ এর পক্ষে।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিগগির মন্ত্রিসভার অনুমোদন শেষে সংসদের চলতি অধিবেশনে আইনটি পাস হতে পারে। সনদের স্বীকৃতি পেলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশে-বিদেশে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য স্তরের মতো সমান সুবিধা পাবেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কওমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কওমি শিক্ষাসনদের স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হচ্ছে। এ বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১২ সালের ১৫ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক ও পরে হেফাজতে ইসলামের প্রধান শাহ আহমদ শফীকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন’ গঠন করা হয়। শুরুতে আহমদ শফীর নেতৃত্বে কার্যক্রম শুরু হলেও পরে তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তাঁর নেতৃত্বে হেফাজতে ইসলামের কর্মসূচি শুরু হলে এই বিরোধ আরও বেড়ে যায়। পরে কো-চেয়ারম্যান ফরিদ উদ্দীন মাসউদের নেতৃত্বে কমিশন প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে জমা দেয়। ওই প্রতিবেদনেই অন্যান্য বিষয়ের সঙ্গে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ ছিল।
মূলত ওই প্রতিবেদন পাওয়ার পর সরকার কর্তৃপক্ষ গঠনের কাজ শুরু করে। কয়েক মাস ধরে কাজ করার পর কর্তৃপক্ষ গঠনের জন্য আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
১৬ জনের এই কর্তৃপক্ষে কওমি শিক্ষায় শিক্ষিত ও ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন শীর্ষ পর্যায়ের আলেম চেয়ারম্যান হবেন। কওমি শিক্ষার ক্ষেত্রে শীর্ষস্থানীয় সাতজন আলেম, যুগ্ম সচিব পর্যায়ের একজন সরকারের প্রতিনিধি, মহিলা কওমি মাদ্রাসার একজন প্রতিনিধি ও বিদ্যমান পাঁচটি কওমি মাদ্রাসা বোর্ডের প্রধান বা সচিব পদাধিকার বলে কর্তৃপক্ষের সদস্য হবেন এবং একজন সচিব থাকবেন। কওমি মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনা, মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সনদ প্রদানের লক্ষ্যে এই কর্তৃপক্ষ কাজ করবে।