কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সনদের স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকার কওমি সনদের স্বীকৃতি দেওয়ায় হাটহাজারী ওলামা পরিষদ আহমদ শফীর জন্য এই সংবর্ধনা সভার আয়োজন করে। সভায় হেফাজত আমির বলেন, প্রধানমন্ত্রী সনদের স্বীকৃতি দিয়ে দ্বীনের কাজ করেছেন। না হলে দেশে দ্বীন থাকত না।
সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। তিনি অভিযোগ করেন, সরকারের তিন মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আসাদুজ্জামান নূর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছেন। কওমি মাদ্রাসার সঙ্গে যারা ষড়যন্ত্র করবে, তারা ধ্বংস হয়ে যাবে মন্তব্য করেন তিনি। ওলামা পরিষদ হাটহাজারী শাখার সহসভাপতি মাওলানা মোহাম্মদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাছান, যুগ্ম সম্পাদক মীর ইদ্রিস, যুগ্ম সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, পরিষদের উপদেষ্টা আজিজুল হক মাদানী প্রমুখ।
১৩ এপ্রিল কওমি সনদকে স্বীকৃতি দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। এর আগে ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামদের নিয়ে বৈঠকে কওমি সনদের স্বীকৃতির ঘোষণা দেন।