কওমির স্বীকৃতির আইনি বৈধতা দিতে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতির আইনি বৈধতা দিতে একটি বিল জাতীয় সংসদে উঠেছে। সোমবার ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ জাতীয় সংসদে তোলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিলটি উত্থাপনের সময় আপত্তি জানিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বলেন, তাঁরা মাত্র ১০ মিনিট আগে বিল পেয়েছেন। বিল নিয়ে পড়াশোনার সুযোগ পাননি। তাই তিনি বিলটি পরে উত্থাপনের দাবি জানান। তবে তাঁর আপত্তি টেকেনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সময় কম হওয়ায় বিলটি স্বল্প সময়ের নোটিশে আনা হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বিল উত্থাপনের আগে পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ জারির বিধান স্থগিত করার বিধান স্পিকারের আছে।

শিক্ষামন্ত্রী বিলটি সংসদে তোলার পর সাত দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

গত বছরের এপ্রিলে দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি দেয় সরকার। এরপর এই স্বীকৃতি আইনি বৈধতা দিতে উদ্যোগ নেয় সরকার। গত ১৩ আগস্ট এই আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বিলে বলা হয়েছে, এই আইন সমগ্র বাংলাদেশে দারুল উলূম দেওবন্দের নীতি, আদর্শ ও নিসাব (পাঠ্যসূচি) অনুসরণে পরিচালিত কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের (তাকমিল) ক্ষেত্রে প্রযোজ্য হবে।

‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে ছয়টি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থাকবে। সেগুলো হলো: বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ।

বিলে বলা হয়েছে, ২০১৭ সালের ১৩ এপ্রিল জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের আলোকে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর একটি কমিটি থাকবে। এই কমিটি স্থায়ী কমিটি বলে বিবেচিত হবে এবং তা দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবে। এই কমিটির নিবন্ধিত মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদ মাস্টার্সের সমমান বলে বিবেচিত হবে।