কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ককটেল ও দেশীয় অস্ত্রসহ চার বহিরাগতকে আটক করেছে পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে উপাচার্য ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা ক্যাম্পাসে এলেও পরিবহন ধর্মঘটের জন্য কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেননি। এতে গতকালও কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। বৃহস্পতিবারও এ নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কিছু নেতা-কর্মী ক্যাম্পাসে ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মো. পিকুল, মো. তুষার, সিদ্দিকুর রহমান ও সোনা মিয়া নামের চার বহিরাগতকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ককটেল ও একটি ছুরি উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হাজতে রাখা হয়। পরে তাঁদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক রাখা হয়েছে। তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া ও ঝিনাইদহে সোমবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা গতকালও ক্যাম্পাসে যেতে পারেননি। এতে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। পুলিশি নিরাপত্তায় উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন ও শিক্ষক-কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ে যান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে গতকাল দুপুর একটায় একটি মিছিল বের করে। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসাইন সভাপতিত্ব করেন। পরে দুপুর দুইটায় প্রেস কর্নারে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন সংবাদ সম্মেলন করেন। এতে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে ছাত্রলীগের ব্যাপারে যে অভিযোগ এসেছে, তা সঠিক নয়।গত বৃহস্পতিবারও ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কিছু নেতা-কর্মী বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন কার্যালয় ভাঙচুর করেন। গত বুধবার সন্ত্রাসীরা ক্যাম্পাসে শিক্ষকদের বহনকারী একটি বাসে বোমা হামলা ও ঝিনাইদহে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে বোমা হামলার ঘটনায় গতকাল একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন ও ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি।’