ককটেল ছুড়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত শুক্রবার রাতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা ডাকাতি মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজার থানার উপপরিদর্শক কাউসারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মর্দাসাদী গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি শাহজালালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে পুলিশের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় যাচ্ছিলেন। পথে জোকারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। আসামিকে নিয়ে পুলিশ দ্রুত থানায় চলে যায়।এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াসউদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া শাহজালাল একাধিক ডাকাতি মামলার আসামি। গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তাঁকে ছিনিয়ে নিতে ডাকাতদল পুলিশের ওপর হামলা চালায়।