রাজধানীর কল্যাণপুরের একটি বাসা থেকে গতকাল রোববার সকালে পুলিশ বিপুল পরিমাণ গান পাউডার, ককটেল তৈরির অন্যান্য সরঞ্জাম ও সাতটি ককটেল উদ্ধার করেছে। ওই বাসা থেকে মো. খালিদ (৩৩) ও তাঁর ভাই মো. সাজিদকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, খালিদেরা আটকে পড়া পাকিস্তানি (বিহারি) পরিবারের সদস্য। গত কয়েক দিনের নাশকতার কারণে কল্যাণপুরের ২ নম্বর সড়কের ওই বাড়ির কয়েকজনের ওপর নজর রাখা হচ্ছিল। গতকাল সকালে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলার বাসায় অভিযান চালিয়ে অন্তত এক মণ গান পাউডার, তিন বস্তা লোহার কুচি (ককটেলে স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হয়), সাতটি ককটেল ও ককটেল তৈরির অন্যান্য উপকরণসহ প্রচারণামূলক বই ও প্রচারপত্র উদ্ধার করে। বাড়িটিতে সাধারণ সিঁড়ির পাশাপাশি পেছন দিকে নিচতলা থেকে পাঁচতলায় সরাসরি ওঠানামার জন্য একটি বিশেষ সিঁড়ি রয়েছে, যা পুলিশকে অবাক করেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, বাসাটি বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহূত হতো। যে পরিমাণ গান পাউডার উদ্ধার হয়েছে, তা দিয়ে অন্তত এক হাজার ককটেল-বোমা বানানো সম্ভব। এখান থেকেই শিবিরের কর্মীদের কাছে ককটেল সরবরাহ করা হতো।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন খান বলেন, গ্রেপ্তার হওয়া দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের অন্য সহযোগীদের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। সেখান থেকে আটক অপর চারজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।