ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পার এলাকায় গণজাগরণ মঞ্চের কাছের একটি গয়নার দোকানে গতকাল রোববার সন্ধ্যায় ডাকাতি হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়। এ ঘটনাকে ছাত্রশিবিরের হামলা মনে করেন আন্দোলনকারীরা। পরে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, আজিম জুয়েলার্স নামের ওই দোকানে গতকাল সন্ধ্যায় আট থেকে দশজনের একটি ডাকাত দল হানা দেয়। পিস্তল ও চাপাতি নিয়ে ডাকাতদের চারজন দোকানে প্রবেশ করে এবং বাকিরা বাইরে দাঁড়িয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতেরা দোকানের ব্যবস্থাপক দীপক এবং কর্মী এম এ কাইয়ুমকে জিম্মি করে গয়না ও নগদ অর্থ নিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে মাত্র ১৫০ গজ দূরেই গণজাগরণ মঞ্চে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছিল। ককটেলের আওয়াজকে ছাত্রশিবিরের হামলা মনে করেন আন্দোলনকারীরা। পরে কিছু লোক শিবিরবিরোধী স্লোগান দিয়ে ইসলামী ব্যাংক ছোটবাজার শাখার এটিএম বুথ ভাঙচুর করেন। এ ছাড়া শিবির পরিচালিত একটি কোচিং সেন্টারেও হামলা করা হয়। ককটেলের বিস্ফোরণে পাশের একটি খাবারের দোকানে অবস্থানকারী অরুণ সাহা, মুরাদ ও মাহফুজ নামের তিন ব্যক্তি আহত হন। তাঁদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মইনুল হক ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।