ককটেল বানাতে গিয়ে যুবলীগের দুই কর্মী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গত শনিবার বিকেলে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গভীর রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

পুলিশ জানিয়েছে, ককটেল বানানোর সময় বিস্ফোরণে দগ্ধ হন সাইফুল ইসলাম (৩২) ও মো. রিপন ওরফে কোটবা রিপন (২৮)। তাঁদের বাড়ি ফেনী সদরের মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে। দুজনই যুবলীগের কর্মী বলে স্থানীয় সূত্রগুলো জানায়। তবে দগ্ধ ব্যক্তিদের স্বজনেরা গতকাল বার্ন ইউনিটে দাবি করেন, তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উত্তর লক্ষ্মীপুর গ্রামের একটি পরিত্যক্ত মুরগির খামারে স্থানীয় যুবলীগের কয়েকজন কর্মী ককটেল তৈরি করছিলেন। একপর্যায়ে বিকট শব্দে তার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে চারজন গুরুতরভাবে আহত হন। আহত অন্য দুজন হলেন জামালউদ্দীন ও শাহ আলম।

এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নিয়াজী ওরফে স্বপন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে তাঁরা যুবলীগের কোনো কমিটিতে নেই। তাঁরা সমর্থক।’

ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, ‘ককটেল বানাতে গিয়ে সাইফুল ও রিপনসহ চারজন আহত হন। অন্য দুজনকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে শুনেছি। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।’

তবে হাসপাতালে চিকিৎসাধীন সাইফুলের মা সুফিয়া বেগম বলেন, সাইফুল সিএনজিচালিত অটোরিকশা চালান। শনিবার বিকেলে ফেনী সদরে তিনি একটি অটোরিকশায় যাত্রী হিসেবে যাচ্ছিলেন, যার চালক ছিলেন রিপন। ওই অটোরিকশায় পেট্রলবোমা হামলা হলে তাঁরা দুজনই দগ্ধ হন। একই কথা বলেন রিপনের স্ত্রী লুবনা আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, সাইফুলের শরীরের ২৩ শতাংশ ও রিপনের ২৯ শতাংশ পুড়ে গেছে। এদের দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুজনকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

চিকিৎসক জানান, অবরোধ-হরতালে সহিংসতায় ৩২ জন এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে শাহবাগে বাসে পেট্রলবোমা হামলা ঘটনার চারজনসহ মোট সাতজন অগ্নিদগ্ধ আইসিইউতে রয়েছেন। এখন পর্যন্ত বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হরতাল-অবরোধে দগ্ধ ১৩ জনের মৃত্যু হয়েছে।