ককটেল বানাতে গিয়ে বিএনপি কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মো. মানিক (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
আহত মানিক মোহামঞ্চদ নগরের ফকির আহমঞ্চদের ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম বলেন, মানিক বিএনপির সক্রিয় কোনো কর্মী নয়, হয়তো সমর্থক হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিক রাত সাড়ে আটটার দিকে মোহামঞ্চদনগরের ওয়ারী সর্দারবাড়ির পুকুরঘাটে বসে ককটেল তৈরি করছিল। এ সময় একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।
স্থানীয় লোকজন আহতাবস্থায় মানিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। বোমার আঘাতে মানিকের দুই হাত ও মুখমণ্ডল ঝলসে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বলেন, থানা-পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পাথর, জর্দার কৌটাসহ ককটেল তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুর্ঘটনাটি ঘটে। ওসি আরও বলেন, মানিক পেশাদার বোমা তৈরির কারিগর বলে প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে।