ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতাল পালিত হয়েছে। গণপরিবহন কম চলায় রাজধানীবাসীকে ভোগান্তি পোহাতে হয়।বিএনপি, জামায়াতে ইসলামী ও শিবির রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল করে। তবে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলগুলো ছত্রভঙ্গ করে দেয়। গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে নাশকতার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে আটক করে।হরতাল চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল বরাবরের মতোই অবরুদ্ধ। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা অবস্থান করছিলেন। দুপুরের দিকে কেন্দ্রীয় কার্যালয়ের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ। ধানমন্ডির সাতমসজিদ রোড়ে বেলা দুইটায় একটি ককটেল ফাটানো হয়। রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার এলকায় গতকাল সকাল নয়টার দিকে একটি হিউম্যান হলারে (লেগুনা) আগুন দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। একই সময় ধোলাইখাল এলাকায় একটি লেগুনায় আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় বাসে আগুন দেওয়ার সময় এক পিকেটারকে আটক করেছে পুলিশ।জামায়াত-শিবিরের পিকেটিং: জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দাবি করেছেন, হরতালে তাঁরা রাজধানী ঢাকার ৩৭টি স্পটে মিছিল সমাবেশ ও পিকেটিং করেছেন। এ সময় তাঁদের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন।