ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতির মারপ্যাঁচ বোঝে না এই দুই শিশু। তবু রাজনৈতিক সহিংসতার শিকার হতে হয়েছে তাদের। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শিশু সুরমাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো
রাজনীতির মারপ্যাঁচ বোঝে না এই দুই শিশু। তবু রাজনৈতিক সহিংসতার শিকার হতে হয়েছে তাদের। ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শিশু সুরমাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল তোলা ছবি ষ প্রথম আলো

বাবা-মায়ের সঙ্গে কাগজ ও ভাঙা জিনিসপত্র কুড়াচ্ছিল শিশু সুরমা। রাস্তার পাশে ময়লা-আবর্জনার মধ্যে একটি প্যাকেট দেখতে পায় সে। প্যাকেটের ভেতর লাল স্কচটেপে মোড়ানো বলের মতো একটি বস্তু ছিল। একটু নাড়াচাড়া করতেই এর বিস্ফোরণ ঘটে। এতে সুরমার হাত ও পা ঝলসে যায়। আহত হয় লাল মিয়া নামের আরেক শিশু। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের আমবাগান ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সুরমা (৯) নগরের চন্দ্রনগর এলাকার মো. রতনের মেয়ে। লাল মিয়া (৯) ঝাউতলা এলাকার দিনমজুর আবদুল খালেকের ছেলে। আবদুল খালেক প্রথম আলোকে বলেন, তিনি বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কিছু দূরে ঝাউতলা বাজারে ছিলেন। শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর ছেলে ও সুরমা পড়ে আছে।
দুই শিশুকেই তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক মোতাহের উল্লাহ জানান, শিশু দুটির শরীরে বিস্ফোরণজনিত আগুনের আঁচ লেগেছে। সুরমার একটু বেশি। তবে গুরুতর কিছু নয়। স্প্লিন্টার না থাকায় আঘাত গুরুতর হয়নি। লাল মিয়াকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালে সুরমার মা মনোয়ারা বেগম বলেন, মেয়েকে প্যাকেট খুলতে তিনিই বলেন। পরে বিকট শব্দে বিস্ফোরণ শুনে তিনি হতভম্ব হয়ে যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে দুই শিশু আহত হয়।

ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শিশু লাল মিয়া
ককটেল বিস্ফোরণে গুরুতর আহত শিশু লাল মিয়া


দুই সাংবাদিক আহত: হরতালের দ্বিতীয় দিনে গতকাল সকালে মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে দুই সাংবাদিক আহত হয়েছেন। সকাল সাড়ে আটটার দিকে নগরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকেরা হলেন চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান শামসুল আলম ও দেশ টিভির ক্যামেরাম্যান মো. হাসান। শামসুলের পায়ে ও হাসানের হাতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাঁদের নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল পৌনে নয়টার দিকে হরতাল-সমর্থকদের একটি মিছিল স্টেশন রোড এলাকা দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মিছিল থেকে ওই ককটেল ছোড়া হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গাড়ির কাছে ওই ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ওই দুজন আহত হন।
বোমাসদৃশ বস্তু উদ্ধার: নগরের রিয়াজউদ্দিন বাজারে বণিক সমিতির কার্যালয়ের সামনের নালা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সন্তোষ চাকমার নেতৃত্বে একটি দল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে। সন্তোষ চাকমা বলেন, এগুলো বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।