ককটেল বিস্ফোরণ, ভাঙচুর গাছ কেটে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসামে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কিছু দোকানপাট ভাঙচুর করা হয়।
এ ছাড়া চাঁদপুরে বড় আকারের সরকারি গাছ ফেলে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক অবরোধ এবং নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে দুই ঘণ্টা নৌপথ অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর দুপুরে কুমিল্লা নগরের টাওয়ার এলাকা থেকে লাঠিমিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলটি সালাহউদ্দিন মোড় এলাকায় পৌঁছালে মিছিল থেকে সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্ক সৃষ্টি হলে ওই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ পৌঁছার আগেই মিছিলটি কাসেমুল উলুম মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, পুলিশ পৌঁছার আগেই ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে পালিয়ে যান।
লাকসাম (কুমিল্লা): দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় মিছিল থেকে পাঁচটি ককটেল ফাটানো হয়। পরে তাঁরা ওই এলাকায় অবস্থিত দুটি ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা শহরের প্রধান সড়ক, ব্যাংক সড়ক এবং নোয়াখালী সড়কে ১০টি দোকান, তিনটি মোটরসাইকেল, কয়েকটি অটোরিকশা, ট্রাকসহ কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন।
সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মনোহরগঞ্জের নাথেরপেটুয়া স্টেশন বাজারে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা তিনটি অটোরিকশা ভাঙচুর করেন এবং চারটি ককটেল বিস্ফোরণ ঘটান। তখন আওয়ামী লীগের স্থানীয় কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগ কর্মী আবু খায়ের ও মোস্তফা কামালকে কুপিয়ে আহত করেন। তাঁদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বেলা সোয়া তিনটার সময় নাথেরপেটুয়ায় পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে আনোয়ার হোসেন (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে পেটুয়া ইউনিয়নের ধোপামুড়ি গ্রামের আবু তাহেরের ছেলে।
মৌলভীবাজার: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় সকালে জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিলটিকে ধাওয়া করেন। এ সময় তাঁরা দক্ষিণভাগ বাজারের তিনটি দোকান ভাঙচুর করেন। এদিকে মৌলভীবাজার-বড়লেখা সড়কে উপজেলার কাঁঠালতলী, দক্ষিণভাগ ও রথুলি এলাকার সড়কের পাশের ১৮টি সরকারি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ গিয়ে ওই গাছ সরিয়ে ফেলে।
চাঁদপুর: প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অবরোধকারীরা ১৫ থেকে ২০টি রেইনট্রিসহ বিভিন্ন ধরনের গাছ ওই সড়কের ওপর ফেলে রাখেন। সড়কের ফরিদগঞ্জ, গৃদকালিন্দিয়া, নারিকেলতলা, খাজুরতলা এবং বর্ডার বাজার এলাকায় মোট পাঁচ কিলোমিটার এলাকায় বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয়।
নেত্রকোনা: জেলার খালিয়াজুরি উপজেলার ধনু নদে সকালে ১৮ দলের নেতা-কর্মীরা আড়াআড়ি নৌকা রেখে প্রায় দুই ঘণ্টা নৌপথ অবরোধ করেন। এ সময় ঢাকা-সিলেট ও নেত্রকোনা-পথে শতাধিক কার্গোসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।