ককটেল বিস্ফোরণে কিশোর আহত
রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোরের দাবি, কৌতূহলবশত একটি কৌটায় জড়ানো টেপ খুলতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়।
আহত ওই কিশোরের নাম সজীব উদ্দিন (১৬)। তার বাবা কামাল উদ্দিন নগরের ডাঁশমারী এলাকার বাসিন্দা। সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে একটি দোকানে কাজ করে।
সজীব জানায়, গতকাল দুপুরে সে দোকানের পাশে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা কুড়িয়ে পায়। কৌটাটি সে বাড়িতে এনে খুলতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে সে ডান হাতের আঙুলে আঘাত পায়।
হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সজীব মেঝেতে শুয়ে আছে। হাসপাতালে সজীবের প্রতিবেশী হাসিবুল মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ে ককটেলটি পেয়ে সজীব তা বাড়িতে এনেছিল। স্কচটেপ খুলতে গেলে তার হাতের আঙুলের মাংস উঠে যায়।
নগরের মতিহার থানার ওসি আবদুল মজিদ বলেন, কেউ তাঁদের কাছে এ ব্যাপারে অভিযোগ করেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।