ককটেল বিস্ফোরণে জামাত খান আহত বিভিন্ন ব্যক্তির নিন্দা
সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান গত সোমবার রাতে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন। তাঁর ব্যবহূত মোটরসাইকেলটিও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী, জেলা লোক মোর্চার সাধারণ সম্পাদক বেলাল আহাম্মেদ, বস্ত্র মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহামেদ খান প্রমুখ গতকাল পৃথক পৃথক বিবৃতিতে জামাত খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।সোমবার রাত আটটার দিকে জামাত খান নগরের সপুরার মোড় হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় সেখানে পরদিনের হরতালের সমর্থনে জামায়াত-বিএনপির কর্মীরা একটি পুলিশ ভ্যান ভাঙচুর করছিলেন। হামলাকারীরা এ সময় তাঁর মোটরসাইকেল লক্ষ্য করেও ককটেল ছুড়ে মারেন। এতে তিনি পিঠে ও পায়ে আঘাত পান। বিকট শব্দে তাঁর কানের ক্ষতি হয়েছে। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।