ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আজ বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

ওই দুজনের মধ্যে আতিকুর রহমান ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ও ইমরান মুজাহিদ আইন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র।

হাসপাতাল সূত্র জানায়, আতিকুরের পেটের ডান পাশ ও ইমরানের বাঁ-হাতে জখম হয়েছে। তাঁরা হাসপাতালে সাংবাদিকদের জানান, রাত পৌনে আটটার দিকে তাঁরা টিএসসির পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় তাঁদের পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের পেছনে বসা একজন তাঁদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি বিস্ফোরিত হলে তাঁরা আহত হন।

আতিকুর সূর্য সেন এবং ইমরান এস এম হলে থাকেন।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়ে থাকা ককটেলের বিস্ফোরণে ওই দুই ছাত্র আহত হন।