ককটেল বিস্ফোরণে হুমকির কিছু নেই: ডিএমপি কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রোববার ও আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কোনো হুমকি হিসেবে দেখছেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এই সব ককটেল বিস্ফোরণের ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সে রকম কিছু অনুভব করছি না। যারা এসব করছে, তাদের শনাক্ত করার জন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আশা করা যাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে পারব।

আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেই পুলিশ ঢুকতে পারে না। কী কারণে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, তা তদন্তে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যেরা কাজ করছেন।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে শত শত যানবাহন চলাচল করে। কোন যানবাহন থেকে কীভাবে এই ককটেল ফেলা হয়েছে, এর তদন্তে ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। তাহলে যে অপরাধগুলো হচ্ছে, তা শনাক্ত করা যাবে।

বিস্ফোরিত ককটেলগুলোর বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, যেগুলো বিস্ফোরিত হয়েছে, এগুলো কোনো আইডি না। সাধারণ হাতে বানানো পটকা।

গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মধুর ক্যানটিনের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে গত পাঁচ দিনে চতুর্থবারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।