ককটেল বিস্ফোরণের মামলায় ২৫ নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ২৫ নেতা জামিনে থাকবেন। তাঁদের জামিন আবেদন নিষ্পত্তি করে গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ আদেশ দেন। গত ২৯ এপ্রিল হরতালের দিন বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় পুলিশ মামলাটি করে। ওই মামলায় বিরোধী জোটের ২৫ নেতার জামিন প্রশ্নে ৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন। অপর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার জামিনপ্রার্থী এসব নেতাকে সাত দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে ওই সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। বিভক্ত আদেশের পর বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। ১০ মে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে পাঠান। বিরোধী দলের নেতাদের জামিনের বিষয়ে রোববার বিকেলে ও গতকাল সকালে শুনানি হয়। গতকাল শুনানিকালে আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালকুদার দুলু, শহিদ উদ্দিন চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ প্রমুখ হাজির ছিলেন। আদালতে জামিনপ্রার্থীদের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।মওদুদ আহমদ বলেন, দুজন অজ্ঞাতনামা লোক ককটেল নিক্ষেপ করেছেন। কিন্তু এই অজ্ঞাত দুজনকে পুলিশ চিহ্নিত করতে পারেনি। মূল অভিযুক্ত এখানে নেই। কিন্তু কেন্দ্রীয় নেতাদের সহযোগী করে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করার জন্য এ মামলা করা হয়েছে।রাষ্ট্রপক্ষে এ কে রহমান শুনানিতে বলেন, অপরপক্ষ বলছে, আসামিদের মধ্যে মূল অভিযুক্ত নেই। তদন্ত চলছে, তদন্তে মূল অভিযুক্ত চলে আসবে। কেউ বাদও পড়তে পারেন কেউ যুক্তও হতে পারেন। তিনি বলেন, জামিন দেওয়ার বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা আছে। এ নির্দেশনার বাইরে যাওয়া সমীচীন হবে না। পরে আদালত আদেশ দেন। শুনানিকালে আদালতে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, জমিরউদ্দিন সরকার, নিতাই রায় চৌধুরী, মাহবুবউদ্দিন খোকনসহ শতাধিক আইন-জীবী উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষে অন্যান্যের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির উপস্থিত ছিলেন।