ককটেল-বোমা ফাটানোর নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে দেশের বিভিন্ন স্থানে হামলা এবং ককটেল ও বোমা ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। গতকাল রোববার সভা-সমাবেশ ও বিবৃতির মাধ্যমে তারা নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।
ধানমন্ডিতে যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফরুক চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে সমাবেশ করে ঢাকা মহনগর আওয়ামী যুবলীগ (দক্ষিণ)। এতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বিরোধীদলীয় নেতা সোহরাওয়ার্দী উদ্যানে যুদ্ধাপরাধীদের নিয়ে সমাবেশ করে পবিত্র জায়গাকে কলঙ্কিত করেছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, ওমর ফারুক, নুরুন্নবী চৌধুরী, আমির হোসেন প্রমুখ।
দেশের বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মহিলা পরিষদ এক বিবৃতিতে কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া থেকে বিরত থাকতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ যুব মৈত্রী পৃথক বিবৃতিতে বলেছে, হরতালের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলা, পুলিশের ওপর হামলা ও জনগণের জানমালের ক্ষতি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগ দেশ টিভি, ৭১ টিভি ও মাই টিভি কার্যালয়ে বোমা হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ৭১ টেলিভিশনের জাকারিয়া বিপ্লবসহ সারা দেশে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন।