ককটেল-সহিংসতার শিকার শিশুদের চিকিৎসার ভার নিল পুলিশ
বগুড়ায় হরতালে ককটেল সহিংসতার শিকার তিন শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে পুলিশ। গত রোববার অভিভাবকদের বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে এনে আহত শিশুদের চিকিৎসা-সহায়তা ও আর্থিক ব্যয়ভারের দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, গণমাধ্যমে তিন শিশুর ককটেল বিস্ফোরণে আহত হওয়ার খবর জেনে তাদের খুঁজে বের করা হয়। তিন শিশুর পরিবারই দরিদ্র। অর্থাভাবে তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। এর মধ্যে একজনের পরিবার চিকিৎসার খরচ জোগাতে না পেরে হাসপাতাল ছেড়ে যায়। এসব সমস্যার কথা জানার পর রোববার তাদের মা-বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। প্রাথমিকভাবে রোববার প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর ১৮ দলের ডাকা হরতালে রনি (৭), মিলটন (৮) ও সোহেল (৮) নামের তিন শিশু ককটেল সহিংসতার শিকার হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।